“অভিষেকের অফিসে হামলা চালিয়েছে বিজেপি,” লাইভে এসে বোমা ফাটালেন মমতা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে চর্চায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস (Abhishek Banerjee Office)। বিশেষ করে বুধবার মাঝরাতের ঘটনার পরই চর্চায় উঠেছে অভিষেকের কার্যালয়। এদিন তৃণমূল সাংসদের অফিসে ঢুকে কার্যত তান্ডব চালিয়েছিল কয়েকজন দুষ্কৃতি। যেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুষ্কৃতীদের পরিচয় নিয়ে প্রকাশ্যে আসছে নানান মন্তব্য। এমতাবস্থায়, বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে অভিষেকের কার্যালয়ে হামলা প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিশানা করলেন বিজেপিকে।

অভিষেকের অফিসে হামলার ঘটনায় বিজেপিকে দায়ী করলেন মমতা

ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে আইনি জটিলতার মাঝেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে এসেই মধ্যরাতের ওই ঘটনার নেপথ্যে সরাসরি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করলেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, পুলিশকে সঙ্গে নিয়ে অভিষেকের অফিসে বর্বরতা চালিয়েছে দুষ্কৃতীরা। তাঁর কথায়, যদি শেক্সপিয়র সরণির একেবারে কাছেই এই ধরনের কান্ড হয়, তাহলে গ্রামাঞ্চলে কী ঘটছে ভাবতে হবে!

এর আগে বৃহস্পতিবার সকালে অফিসে হওয়া হামলা নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুখ খুলেছিলেন অভিষেক। তারপরপরই বিকেলে ফেসবুক লাইভ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করলেন। বিজেপিকে নিশানা করেই তৃণমূল নেত্রী বললেন, “গিরগিটির দল, লুটেরাদের দল আমাদের পার্টি অফিসে ঢুকে কাগজপত্র, দলিল লুট করে নিয়ে গিয়েছে। বিজেপি গুন্ডাদের পাঠিয়েছে। আমাদের চারজন কর্মীকে আটক করে এসব করেছে। ওদিকে পুলিশ তো ভাজা মাছটি উল্টে খেতে জানে না। রক্ষকরাই এখন ভক্ষক হয়ে গিয়েছে।”

আরও পড়ুন: হাওড়াগামী উপসনা এক্সপ্রেসের বদলে গেল রুট, বিজ্ঞপ্তি জারি করে জানাল পূর্ব রেল

এদিন নিজের ফেসবুক লাইভ থেকেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন মমতা। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, রাজ্যের জেলায় জেলায় অন্তত চার হাজার তৃণমূল পার্টি অফিস দখল করে নিয়েছে। দলের পতাকা পদদলিত করেছে। এই ধরনের ঘটনা সত্যি লজ্জার। যাঁরা এসব করছে তাঁদের বিরুদ্ধে কর্মীদের প্রতিবাদে সরব হওয়ার বার্তা দিয়েছেন কালীঘাট তৃণমূলের সুপ্রিমো।

Leave a Comment