অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

সৌভিক মুখার্জী, কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকার দাবি তুলে দমকলের তরফ থেকে ক্যামাক স্ট্রিটের (Camac Street) পার্টি অফিস খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি অভিষেককে এ বিষয়ে একটি নোটিশও দিয়েছিল দমকল। তবে সেই নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। সেখানেই মিলল সুরাহা। তৃণমূলের আবেদনের ভিত্তিতে গত ৪ সেপ্টেম্বর দমকলের পাঠানো নোটিশ খারিজ করেছে রাজ্যের উচ্চ আদালত।

দমকলের নোটিশ খারিজ হাইকোর্টের

দিন কয়েক আগে ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসের বিলবোর্ড খুলতে গিয়ে অভিষেকের সঙ্গে ঝামেলা বাঁধে পুরসভার আধিকারিকদের। তবে তা সত্ত্বেও জোরপূর্বক ওই বিলবোর্ড খুলে ফেলা হয় বলেই দাবি করেন তৃণমূল সাংসদ। সেই অভিযোগে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও মেলেনি স্বস্তি। এরই মধ্যে দমকল ওই ফ্ল্যাটের অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখে তা ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়ির মালিককে একটি নোটিশ ধরায়, এবং অবিলম্বে ওই অফিস খালি করার নির্দেশ দেওয়া হয়। তা নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল।

তৃণমূলের তরফ থেকে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয় হাইকোর্টে। তবে বুধবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ নির্দেশ দেন, কালীঘাট তৃণমূলকে আগে থেকে লিখিত নোটিশ দিয়ে জানাতে হবে যে দমকল বাহিনী কবে এবং কোন সময় পুনরায় ক্যামাক স্ট্রিটের অফিস পরিদর্শন করবে। নোটিশ অনুযায়ী সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে হবে সংশ্লিষ্ট পরিদর্শকদের। তারপরও যদি সেই বিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ না গ্রহণ করা হয়, তাহলে আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে। তার আগে ওই পার্টি অফিস খালি করার প্রয়োজন নেই।

আরও পড়ুন: ১৭ নাকি ১৮ সেপ্টেম্বর, এবছর বিশ্বকর্মা পূজা কত তারিখে? পঞ্জিকা কী বলছে জানুন

পাশাপাশি আরও জানানো হয়, অগ্নি সুরক্ষার জন্য ওই ফ্ল্যাটে ঠিক কী কী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা দিতে হবে দমকলকে। যদি তৃণমূল নির্দেশিকা না মানে, তাহলে সেক্ষেত্রে নোটিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। যদিও এই সংক্রান্ত মামলার শুনানিতে দমকল বিগত দিন স্থগিতাদেশ জারি করেছিল। আজ অর্থাৎ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ওই অফিস খালি না করার নির্দেশ দেওয়া হয়। আজ ছিল সেই মামলার পরবর্তী শুনানি। আর সেখানেই স্বস্তি পেল কালীঘাট তৃণমূল।

Leave a Comment