সৌভিক মুখার্জী, কলকাতা: বিগত দুই সপ্তাহ ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস নিয়ে রাজ্য-রাজনীতি সরগরম। পুরসভার আধিকারিকরা ওই অফিসের বিলবোর্ড অবৈধ দাবি করে খুলে দেয়, যা নিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও সেখানে স্বস্তি পায়নি তৃণমূল কংগ্রেস। এমনকি মালিকপক্ষের দাবি, জোরপূর্বক তৃণমূলের নেতারা ওই বাড়ি দখল করে ভাড়া পর্যন্ত বকেয়া রেখেছিল। এবার তা নিয়েই রাজ্যের উচ্চ আদালতের দ্বারস্থ হল বাড়ির মালিক।
হাইকোর্টের দ্বারস্থ ক্যামাক স্ট্রিটের বাড়ির মালিক
ক্যামাক স্ট্রিটের ওই ভবনটির ৭ এবং ৮ তলায় তৃণমূলের পার্টি অফিস। ২০২০ সালে বাজার দরের তুলনায় অনেক কম দিয়ে ওই অফিস ভাড়া নিয়েছিল তৃণমূল কংগ্রেস। এমনকি অভিষেকরা জোর করে তা দখল করে রেখেছে বলেই দাবি মালিকপক্ষের। এ নিয়ে তারা তৃণমূল কংগ্রেসকে নোটিশও পাঠিয়েছে। পাশাপাশি বিগত ৫ মাস ধরে তারা ভাড়া বকেয়া রেখেছে, এমনটাও অভিযোগ। এবার তা নিয়েই বাড়ির মালিক গোয়েঙ্কা পরিবার হাইকোর্টে মামলা দায়ের করেছেন। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলা করা হয়েছে বলেই খবর।
যদিও তারা প্রথমে নিম্ন আদালতে মামলা দায়ের করেন। তবে সেখানে এ বিষয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারক। এবার সেই রায়কে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ গোয়েঙ্কা পরিবার। যদিও সম্প্রতি ওই বিল্ডিংয়ে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই এমনটা দাবি তুলেই দমকল অফিস খালি করার নির্দেশ দেয়। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি কৃষ্ণ রাও-র বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তাঁরা। এমনকি মামলা দায়েরের অনুমতিও দিয়েছিলেন বিচারপতি।
আরও পড়ুন: ফের ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য পতন, দেখুন রেট
তবে বিচারপতি জানান, অভিষেকরা যেহেতু ভাড়াটিয়া, তাই তাঁদের কি জায়গা খালি করার পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে? মালিকপক্ষ কেনই বা আগে আসেনি? এমনকি সোমবার হাইকোর্টে কালীঘাট তৃণমূলের তরফে নিম্ন আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশের উল্লেখ করা হয়। ঠিক তার পরদিন অর্থাৎ মঙ্গলবার অভিষেকদের পার্টি অফিস উচ্ছেদের দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ মালিকপক্ষ। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।