প্রীতি পোদ্দার, কলকাতা: সেবাশ্রয়ে (Sebaashray Camp) ভুল চিকিৎসায় পা বাদ গেল এক মহিলার! অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সহ ১১ জনের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ভুক্তভোগী ওই মহিলা। একের পর এক বিতর্কে জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’। মোবাইল ফোন দেখে নাকি রোগীর চিকিৎসা করত জুনিয়র চিকিৎসকরা। এমনকি বিনামূল্যে চিকিৎসা শিবিরের আড়ালে ঘুরিয়ে ‘স্বাস্থ্যসাথী’ থেকে কোটি কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগও উঠেছে। আর এসবের মাঝে এবার ভুল চিকিৎসায় অঙ্গহানির মত চাঞ্চল্যকর অভিযোগ উঠে এল প্রকাশ্যে।
একাধিক বিতর্কে জর্জরিত সেবাশ্রয় ক্যাম্প
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগণের স্বার্থে ‘সেবাশ্রয়’ নামে একটি ক্যাম্প চালু করেছিল। এমনকি সেই সময় ক্যাম্প চলাকালীন নানা সময়ে বিভিন্ন আপডেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন অভিষেক। সেবাশ্রয় থেকে এলাকার মানুষ কীভাবে উপকৃত হয়েছেন, সেই নিয়ে কাজের খতিয়ানও তুলে ধরেছিলেন। তাঁর দাবি, বহু মানুষ উপকৃত হয়েছেন এই সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে। এমনকি ডায়মন্ড হারবার মডেলের অনুসরণে নন্দীগ্রামেও চালু হয়েছিল সেবাশ্রয় ক্যাম্প। কিন্তু ক্ষমতার রদবদল হতেই এবার এই ক্যাম্প নিয়ে উঠে এল ঝুরি ঝুরি অভিযোগ। ভুল চিকিৎসায় রীতিমত পা বাদ গিয়েছে এক মহিলার।
ভুল চিকিৎসায় বাদ পা
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা মালতী বিশ্বাসের অভিযোগ, হাঁটু ব্যথা নিয়ে সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন ওই মহিলা। প্রাথমিক চেকআপের পর সেখানে তাঁকে বেশ কিছু ওষুধ দেওয়া হয়েছ। কিন্তু সেই ওষুধ খেয়ে হাঁটুর ব্যথা ভয়ঙ্কর বেড়ে যায় তাঁর। ফের সেবাশ্রয়ে ব্যথা নিয়ে গেলে তখন তাঁকে রেফার করা হয় এমআর বাঙুর হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা জানান, ভুল চিকিৎসায় পায়ের অবস্থা খারাপ। ফের ওই মহিলাকে পার্কসার্কাস চিত্তরঞ্জনে রেফার করা হয়। তাঁরাও ন্যাশনাল মেডিক্যালে পাঠিয়েছিল মহিলাকে। এরপর ওই মহিলার পায়ের অবস্থা খারাপ হতে থাকায় তাঁর পা কেটে বাদ দিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: জুড়বে হুগলী-পূর্ব বর্ধমান, বহু বছর পর ফের চালু কালনা-চুঁচুড়া SBSTC বাস, দেখুন সময়সূচি
সেবাশ্রয়ের ‘ভুল’ চিকিৎসায় পা খুইয়েছেন এমন অভিযোগ তুলে মালতী বিশ্বাস বহুবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কর্মীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু কেউই সেই সময় কোনো পদক্ষেপ নেয়নি। অবশেষে রাজ্যে সরকার পরিবর্তন হতেই পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা এবং তাঁর পরিবার। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ১১ জনের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। কিছুদিন আগেই এই সেবাশ্রয় নিয়ে সেখানকার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি একাধিক অভিযোগ তুলেছিলেন। এমনকি FIR ও দায়ের করেছিলেন। এখন দেখার পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে।