বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) ছাড়াই আফগানিস্তান সিরিজ জিতে গিয়েছে ভারত। যদিও বাকি রয়েছে নিয়ম রক্ষার ম্যাচ। সেটা হবে আজকেই। কিন্তু সেই আসরে কি জায়গা হবে বৈভব সূর্যবংশীর? এ নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। আফগানদের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে বৈভবকে উপেক্ষা করায় মন ভেঙেছে ভারতীয় ক্রিকেট ভক্তদের। 15 বছরের ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ফর্মে থাকা সত্ত্বেও কেন বসিয়ে রাখা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এরই মাঝে নিজের ছেলেকে নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করলেন বৈভব সূর্যবংশীর বাবা সঞ্জীব সূর্যবংশী (Vaibhav Father Statement)।
সুযোগ পেলেই ক্ষমতা দেখাবেন বৈভব!
ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বৈভবের। সেই আসরে সেভাবে নিজেকে প্রমাণ করতে না পারলেও জিম্বাবুয়ে সিরিজে ব্যাট চালিয়ে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার জিতে নিয়েছিলেন বিহারের এই ক্রিকেটার। সেই সাফল্যের পর আফগানিস্তান সিরিজেই প্রথমবারের মতো ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ রয়েছে বৈভবের হাতে। তবে ছেলে পরপর দুই ম্যাচে সুযোগ না পাওয়ায় অবশ্য মন খারাপ নেই বাবার।
ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে বৈভবের বাবা জানালেন, তাঁর ছেলে তৈরি আছে। সূর্যবংশীর বাবার কথায়, “আমার ছেলে পুরো তৈরি আছে। যখনই খেলতে নামবে নিজের সেরাটা দিয়ে খেলবে। দেশকে জেতাবে। ও শুধু সময়ের অপেক্ষায়।” ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দাপট দেখানোর পর ভারতীয় টি-টোয়েন্টি দলেও প্রায় নিয়মিত জায়গা করে ফেলেছেন বৈভব! তবে সঞ্জু স্যামসনের মতো একজন অভিজ্ঞ প্লেয়ার থাকায় বর্তমানে প্রথম একাদশে জায়গা পেতে কিছুটা সমস্যা হচ্ছে।
আরও পড়ুন: “ভারতের সামরিক শক্তিকে সম্মান করি, জানি আমরা..” আত্মসমর্পণ করল পাকিস্তান?
টিম ইন্ডিয়ায় সঞ্জুর জায়গায় বৈভবকে আপাতত না খেলানো নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মত, সঞ্জু যথেষ্ট সিনিয়র প্লেয়ার। তবে বৈভবও নতুন প্রতিভা। তাঁকেও নিয়ম করে সুযোগ দেওয়া উচিত! কয়েকজন প্রাক্তন ক্রিকেটার এও বলছেন, “সঞ্জু এবং বৈভব দুজনকেই দফায় দফায় সুযোগ দেওয়া যেতে পারে। সেটা হলে কারোরই ছন্দ কাটবে না।” এখন দেখার, নিয়ম রক্ষার ম্যাচে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় দলের একাদশে বৈভবের সুযোগ হয় কিনা।