আমেরিকাকে ছাপিয়ে যেতে চলেছে ভারতের মেট্রো, বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে আসার সম্ভাবনা

অনন্যা সরকার, কলকাতা: দিল্লি, কলকাতা, মুম্বাই ও বেঙ্গালুরুর মতো বড় শহরগুলির পাশাপাশি বর্তমানে ভারতের মোট ২০টি শহরে প্রসারিত হয়েছে মেট্রো পরিষেবা (Metro Railway)। এখন মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণের প্রতিযোগিতায় ভারত একটি নতুন মাইলফলকের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে এদেশে চালু থাকা মেট্রো রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য এখন প্রায় ১,১৭০ কিলোমিটার, যার মধ্যে শুধু দিল্লিতেই রয়েছে প্রায় ৪০০ কিলোমিটার। মার্কিন যুক্তরাষ্ট্রে এই নেটওয়ার্কের দৈর্ঘ্য প্রায় ১,৩৮৬ কিলোমিটার। অর্থাৎ, দুই দেশের ব্যবধান মাত্র ২১৬ কিলোমিটারে এসে দাঁড়িয়েছে।

ভারতের মেট্রো নেটওয়ার্ক শীঘ্রই ছাড়িয়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রকে

ভারতের মেট্রো পরিষেবা যে হারে প্রসারিত হচ্ছে, তাতে আগামী দুই বছরের মধ্যেই মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্যের দিক থেকে ভারতবর্ষ মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে সারাবিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে আসবে। তবে এক্ষেত্রে প্রথম স্থানে থাকা চীন এখনও অনেকটাই এগিয়ে, সেদেশে মেট্রো নেটওয়ার্ক ৮,০০০ কিলোমিটারের বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত। তবে বেশ কিছুদিন আগেই জাপান ও দক্ষিণ কোরিয়াকে পিছনে ফেলেছে ভারত।

জানিয়ে রাখি, ২০১৪ সালে ভারতের পাঁচটি শহরে ২৪৮ কিলোমিটার বিস্তৃত মেট্রো লাইন ছিল। তবে, ২০২৫ সালের শেষ নাগাদ তা বেড়ে প্রায় ১,০৯০ কিলোমিটারে দাঁড়িয়েছে। এই সম্প্রসারণ করা হয়েছে ২৬টি শহর জুড়ে। এবছর ইন্দোরে একটি নতুন ১১ কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইন চালু হওয়ায় জাতীয় নেটওয়ার্কের দৈর্ঘ্য প্রায় ১,১৭০ কিলোমিটারে পৌঁছেছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের আশঙ্কা! দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া

গত বছরই ভারত ১,০৪৯ কিলোমিটার দীর্ঘ মেট্রো নেটওয়ার্কের সাথে আনুষ্ঠানিকভাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম চালু মেট্রো নেটওয়ার্ক থাকা দেশে পরিণত হয়েছে। জাপানের মেট্রো নেটওয়ার্ক ৮৯৮ কিলোমিটার, দক্ষিণ কোরিয়ার ৭৬১ কিলোমিটার এবং রাশিয়ার ৭৪৭ কিলোমিটার দীর্ঘ। তুলনামূলকভাবে ইউরোপের দেশগুলো এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে। বিশ্বের দীর্ঘতম একক মেট্রো সিস্টেমের তালিকায় থাকা লন্ডনের নেটওয়ার্কটি ৪৫৪ কিলোমিটার ও মাদ্রিদের নেটওয়ার্কটি ২৭৯ কিলোমিটার বিস্তৃত।

আরও পড়ুন: ৩ দিনের মধ্যেই মিলবে পাসপোর্ট! জেনে নিন বানানোর পদ্ধতি

বিগত কয়েক বছরে ভারতে মেট্রো সম্প্রসারণের গতি ত্বরান্বিত হয়েছে, যা ২০১৪ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় সাড়ে চারগুণ বৃদ্ধি পেয়েছে। এই পরিষেবা প্রথম কলকাতায় শুরু হয়েছিল, তবে এখন তা দিল্লি, মুম্বাই, পুনে, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, আহমেদাবাদ এবং লখনউ সহ একাধিক শহরের নিত্যদিনের গণপরিবহনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। ফলে ভারত খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে, নেটওয়ার্কের দৈর্ঘ্যের দিক থেকে দ্বিতীয় স্থানে পৌঁছানো মানেই সামগ্রিক পরিষেবার মান বা যাত্রী সংখ্যার দিক থেকেও সরাসরি দ্বিতীয় স্থান লাভ করা নয়। তাছাড়া, বিভিন্ন দেশে মেট্রো রেলের অনুরূপ ‘কমিউটার রেল’, ‘লাইট রেল’ এবং আঞ্চলিক রেল ব্যবস্থা চালু রয়েছে। তাই তুলনা করার জন্য শুধুমাত্র চালু মেট্রো রেল নেটওয়ার্কগুলোকেই অন্তর্ভুক্ত করা হয়েছে।

Leave a Comment