সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের যুগে এখন সব কাজই প্রায় ইন্টারনেটের উপর নির্ভরশীল। তবে যদি এরকম হয় যে, কোনও মোবাইল ফোনে ইন্টারনেট ছাড়াই ফ্রি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে তাহলে কেমন হবে? শুনতে অবাক লাগলেও এরকমই এক প্রযুক্তি আনল একটি সংস্থা। D2M প্রযুক্তির সাহায্যে তৈরি হয়েছে বিশ্বের প্রথম ফিচার ফোন (Feature Phone), যেটি ইন্টারনেট ছাড়াই সরাসরি টিভি সম্প্রচার দেখাবে। সবথেকে বড় ব্যাপার, এই ফোন ভারতেই তৈরি হচ্ছে।
কী এই D2M প্রযুক্তি?
আসলে D2M বা ডিরেক্ট টু মোবাইল এরকম একটি প্রযুক্তি যেখানে মোবাইল ফোন সরাসরি টিভি সম্প্রচার সিগন্যাল গ্রহণ করতে পারে এবং কোনও ইন্টারনেটের দরকার পড়ে না। এমনকি ওয়াইফাই এর প্রয়োজন পড়বে না। ঠিক যেভাবে আগে অ্যান্টেনা লাগানো টিভিতে সম্প্রচার দেখা যেত, সেরকম ভাবেই এই ফোনে সিগন্যাল ধরে লাইভ চ্যানেল চালানো যাবে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এই প্রযুক্তি দেশের কোটি কোটি সাধারণ মানুষের জন্য বিরাট পরিবর্তন আনতে পারে। বিশেষ করে গ্রামীণ বা দুর্বল ইন্টারনেট পরিষেবাযুক্ত এলাকাগুলিতে।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংস্থার Khush Tech Korea দাবি করছে, তারাই বিশ্বের প্রথম এরকম ফিচার ফোন তৈরি করেছে। ফোনটির ডিজাইন কোরিয়ার করা হলে উৎপাদন হচ্ছে ভারতেই। যার ফলে মেড ইন ইন্ডিয়া ট্যাগও পাচ্ছে এই ডিভাইস। সংস্থার দাবি, ভবিষ্যতে এই প্রযুক্তি শুধুমাত্র একটি টিভি দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এমনটা নয়, বরং জরুরী ক্ষেত্রে তথ্য সম্প্রচার, শিক্ষা বা সরকারি পরিষেবা পৌঁছে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ফোনের ডিসপ্লে এবং ডিজাইন
এই ফোনটিতে দেওয়া রয়েছে 2.4 ইঞ্চির একটি ছোট্ট ডিসপ্লে। আর এর রেজোলিউশন 320×240 পিক্সেল। তবে ছোট হলেও দৈনন্দিন ব্যবহারের জন্য ডিসপ্লেটি যথেষ্ট। ফোনটির সামনে গ্লাস ফিনিশ ব্যবহার করা হয়েছে, আর পেছনের অংশ এবং ফ্রেম রয়েছে প্লাস্টিকের। এমনকি ফোনটির ওজন মাত্র 220 গ্রাম। সবথেকে আকর্ষণীয় বিষয় হলো, এটি থেকে অ্যান্টেনা টেনে বের করা যায়, যেটি টিভি সিগন্যাল ধরতে সাহায্য করে।
আরও পড়ুন: স্মার্ট মিটারে রিচার্জ শেষ হলেও হুট করে বন্ধ করা যাবে না বিদ্যুৎ! রয়েছে নির্দিষ্ট সময়, জানুন
তবে হ্যাঁ, এই ফোনটি গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর চলে না, বরং এতে ব্যবহার করা হয়েছে ThreadX অপারেটিং সিস্টেম। আর প্রসেসর হিসেবে রয়েছে UNISOC UMS9117-L চিপসেট। এদিকে ফোনটিতে রয়েছে 64 MB একটি RAM এবং 128 MB ইন্টার্নাল স্টোরেজ। পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মোট 128 GB পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা রয়েছে। ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে 1800mAh একটি ব্যাটারি দেওয়া রয়েছে। এমনকি প্রয়োজন হলে ব্যাটারি খুলেও বদলানো যাবে।