সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৮ অক্টোবর, বুধবার। ইন্দ্রনীল সেন গ্রেফতার, দীপাবলীর আগে ডিএ বৃদ্ধি, শিলিগুড়িতে শিক্ষিকাকে খুনের চেষ্টা….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ব্যালট পেপার নির্বাচনে ভরাডুবি কংগ্রেসের
উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার এবং কর্ণাটকের ২৮টি বিধান পরিষদ আসনে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ইভিএম বাদ দিয়ে ব্যালট পেপারের নির্বাচন হওয়ার পরেও কংগ্রেস এই নির্বাচনে একটি আসনেও জয়লাভ করতে পারেনি। কর্ণাটকের ব্যাঙ্গালুরু শিক্ষক কেন্দ্রসহ বিভিন্ন আসনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। এই ফলাফলের পরই বিরোধী দলের ব্যালট পেপার দাবির প্রসঙ্গ তুলে এবং কংগ্রেসের শূন্য ফলাফল নিয়ে প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করেছেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) গাইঘাটায় ফের পঞ্চায়েত সদস্যের স্বামীর গলাকাটা দেহ উদ্ধার
উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ফের এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার। নিহত বাসুদেব দাসের স্ত্রীর অভিযোগ, পরকীয়ার সম্পর্কে জেরে নাড়ুগোপাল বিশ্বাস এবং ঋতুপর্ণা দাস হয়তো চক্রান্ত করে তাঁকে খুন করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে এ নিয়ে এলাকায় চাঞ্চল্য এবং ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। সম্প্রতি গাইঘাটাতেই এক নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ এক অভিযুক্তকে এনকাউন্টার করে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) সুমিত রায়ের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ
শালবনী জমি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জেলবন্দী অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়। তবে তাঁর আইনি জটিলতা আরও বাড়ল। প্রায় ৪০০ কোটি টাকার মাটি চুরির একটি নতুন মামলায় ডায়মন্ড হারবার জেলা পুলিশ তাঁকে শোন অ্যারেস্ট দেখিয়েছে। বুধবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়। এর আগে শালবনীতে সরকারি জমি দখল, ভুয়ো নথি তৈরি করে বিক্রির অভিযোগে তাঁকে সিআইডি গ্রেফতার করেছিল। এমনকি চাকরি দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) গ্রেফতার ইন্দ্রনীল সেন
দুর্গাপুজোর ভিআইপি পাস এবং রিভিউ শো-র টিকিট বিক্রির নামে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। মার্স আর্ট নামক একটি সংস্থার মাধ্যমে ওই আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার পর বউবাজার থানায় দায়ের করা মামলার ভিত্তিতে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা তাঁকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে গিয়েছে। তৎকালীন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর এই গ্রেফতারের ঘটনায় শুরু হয়েছে চাঞ্চল্য। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) ষষ্ঠ রাজ্যে অর্থ কমিশনের কিস্তি ছাড়ল নবান্ন
গ্রাম উন্নয়নের লক্ষ্যে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার জন্য ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রথম কিস্তির ৪৬৮ কোটি টাকা ছাড়া হল নবান্নের তরফ থেকে। এই অর্থ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদগুলির মধ্যে বন্টন করা হবে। এর মধ্যে ৮০ শতাংশ অর্থ যাবে গ্রাম পঞ্চায়েতগুলিতে এবং ২০ শতাংশ পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের জন্য বরাদ্দ থাকবে। গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, স্থানীয় পরিষেবা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজে এই অর্থ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) ঋতব্রত ছেড়ে মমতার শিবিরে ফিরলেন বিধায়ক
তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্বের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রাখলেন উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। ঋতব্রত শিবিরের সঙ্গে তাঁর অবস্থান নিয়ে জল্পনা তৈরি হলেও তিনি জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকের মাধ্যমে তিনি লড়াই করে জিতেছেন এবং তাঁকেই হাই কমান্ড বলে মনে করেনি। বিরোধী দলীয় সংক্রান্ত একটি কাগজে সই করা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল বলেই তিনি দাবি করেছেন। আর এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি পুরনো শিবিরে ফিরেছেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) কেন্দ্রীয় কর্মীদের ডিএ বৃদ্ধি
দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ৩% ডিএ বাড়াল সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে উপকৃত হবেন প্রায় ৪৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষের বেশি পেনশনভোগী। এই বর্ধিত ডিএ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। আর এই খাতে সরকারের মোট ১০,০১৬ কোটি টাকা খরচ হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) হুগলিতে বাস দুর্ঘটনায় গুরুতর আহত ৭
হুগলির আরামবাগের মলয়পুরে বালিয়া এলাকায় একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল নয়ানজুলিতে। পূর্ব বর্ধমানের গোতান-আরামবাগ রুটের এই বাসটিতে ১২ থেকে ১৩ জন যাত্রী ছিলেন বলেই খবর। এই দুর্ঘটনায় অন্তত ৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তবে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় স্টিয়ারিং এর সমস্যার কারণেই ঘটে এই দুর্ঘটনা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) বীরভূমের রাম মন্দিরে ভাঙচুরের অভিযোগ
বীরভূমের লাভপুরের চৌহাট্টায় একটি রাম মন্দিরে রাতের অন্ধকারে ভাঙচুর চালানোর অভিযোগ। মন্দিরের ভেতর রাম এবং সীতার মূর্তি ভাঙা হয়েছে। পাশাপাশি রক্তের মতো রহস্যময় তরল পদার্থ ছড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পাওয়া মাত্রই জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং একটি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেন। পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) শিলিগুড়িতে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা
শিলিগুড়ির শান্তিনগর এলাকায় সাতসকালেই এক শিক্ষিকাকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আক্রান্ত শিক্ষিকার নাম শিউলি দত্ত এবং অভিযুক্ত ওই ব্যক্তির নাম সজল দাস ওরফে রাম। ফুলতলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর সময় তাঁর ওপর হামলা চালানো হয় বলেই খবর। স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর অভিযুক্ত যুবক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলেও খবর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন