সহেলি মিত্র, কলকাতা: পুজোর আর এক মাসও বাকি নেই। তারই মাঝে ব্যাপক দুর্যোগ শুরু হয়েছে বাংলাজুড়ে। তার ওপর আবহাওয়া বিজ্ঞানীদের চিন্তা বাড়াচ্ছে আরও একটি নিম্নচাপ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। IMD- র তরফে জানানো হয়েছে, উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে আজ শনিবার থেকে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট (Weather Today) অব্যাহত থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
IMD আগামীর পূর্বাভাসে ২০ সেপ্টেম্বর অবধি দক্ষিণবঙ্গজুড়ে (South Bengal) জলঝড় এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে বৃষ্টির বেগ বেশি থাকতে পারে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতা শহরে। শনিবার সকাল পর্যন্ত এক বা দুই দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আবার বেলা হতে না হতেই আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া অফিস বলেছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি/ঘণ্টার ঝোড়ো হাওয়া বইতে পারে।
সারাদিন মেঘলা থাকবে আকাশ। ভারতের আবহাওয়া দফতরের মতে, শনিবার উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপের এলাকা তৈরি হতে পারে। তারপরে এটি আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে নিয়ে যাবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার (North Bengal) হাল হকিকত সম্পর্কে। উত্তরবঙ্গে আজ তেমন ভারী বৃষ্টির ভ্রূকুটি নেইমার যদিও মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ বয়স ৯ মাস, হামাগুড়ি দেওয়ার বয়সে বিশ্বরেকর্ড গড়ে বিশ্ববাসীকে ‘শিক্ষা’ দিল ভারতের শ্রেয়া
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্য কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এর পাশাপাশি রবিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলী, দুই বর্ধমান, দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।