সহেলি মিত্র, কলকাতা: আকাশ বাতাসে পুজো পুজো গন্ধ। এক মাসও আর বাকি নেই দুর্গাপুজো শেষ হতে। দুর্গাপুজো মানেই উৎসব, আড্ডা এবং ছুটি। প্রতিবছরই অনেকে এই সময় দিঘা, পুরী বা দার্জিলিংয়ের মতো ভিড়ভাট্টা জায়গায় বেড়াতে যান। তবে এ বছর যদি একটু অন্যরকম অভিজ্ঞতা পেতে চান, তাহলে বাংলার বুকে লুকিয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এমন এক পাহাড়ি গ্রামের সন্ধান দেব যেখানে গেলে আপনি হয়তো মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। ভাবতে বাধ্য হবেন এত সুন্দর জায়গাও আছে! আর আপনাদের অপেক্ষা না করিয়ে জানিয়ে দিই, যে জায়গাটি সম্পর্কে আলোচনা করা হবে সেটির নাম হল ‘সৌরেনি’ (Soureni)।
পুজোয় ঘুরে আসুন অফবিট ‘সৌরেনি’
‘সৌরেনি’… উত্তরবঙ্গের অন্যতম লুকনো রত্ন। দার্জিলিং জেলায় লুকিয়ে থাকা একদম অফবিট স্পট (Offbeat Darjeeling)। সৌরেনি হল হিমালয়ের কোলে এক অচেনা ঠিকানা। এখানে আছে শুধুই অপার শান্তির খোঁজ। পুজোর কয়েকটা দিন, রোজকার জীবন থেকে সামান্য ব্রেক নিয়ে নিরিবিলিতে থাকতে চাইলে সৌরেনির থেকে ভালো অপশন কিছু হতে পারে না। সৌরেনি হল এক নিঃশব্দ পাহাড়ি গ্রাম। এখানে ভোরের হিমে মোড়ানো পাইন গাছ,সিঁড়ি সিঁড়ি চা-বাগান আর দূরের কাঞ্চনজঙ্ঘার মেঘে ঢাকা চূড়া দেখে মনে হবে যেন রূপকথা। তবে সবটাই বাস্তব। দার্জিলিং থেকে গাড়িতে করে প্রায় ২.৫ ঘণ্টার পথ। মিরিক আর লেপচাজগত পার করে সৌরেনি যাওয়ার রাস্তাটা যেন একটু বেশিই সুন্দর। আপনি যদি প্রকৃতির কোলে একটু হারিয়ে যেতে চান তবে সৌরেনির ডাক ফেরাবেন না।
কী কী দেখবেন?
এই সৌরেনি নিজেই এত সুন্দর যে এখানেই আপনার ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে ইচ্ছা হবে। তারপরেও যদি আপনার কোথাও যাওয়ার ইচ্ছা থাকে তাহলে ঘুরে দেখতে পারেন মেচি নদী, ঝর্ণা, টিংলিং ভিউ পয়েন্ট, বোকার মনেস্ট্রি, সুমেন্দু ঝর্ণা ইত্যাদি।
আরও পড়ুনঃ উত্তর আন্দামান সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ! লন্ডভন্ড হতে পারে দক্ষিণবঙ্গ, আজকের আবহাওয়া
কীভাবে পৌঁছবেন?
এবার জেনে নেওয়া যাক এত সুন্দর জায়গায় আপনি পৌঁছাবেন কীভাবে? সেক্ষেত্রে সৌরেনি শিলিগুড়ি থেকে ৫৪ কিমি দূরে অবস্থিত। দার্জিলিং থেকে ৪০ কিমি দূরে রয়েছে জায়গাটি। শিলিগুড়ি কিংবা এনজেপি থেকে একটি প্রাইভেট গাড়ি বুক করে অনায়াসেই নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন।