সহেলি মিত্র, কলকাতাঃ এ যেন উলটপুরাণ! ভারত থেকে কয়েকশো টন ইলিশ (Hilsa Fish) পাঠানো হয়েছে বাংলাদেশে, পাঠানো হবে আরো। এবারের বর্ষায় মাছ বাজারের ছবি, অন্যান্যবারের তুলনায় অনেকটাই আলাদা। পদ্মার ইলিশ (Ilish) স্বাদে গন্ধে অতুলনীয়। দাম হয়তো বেশি, কিন্তু অন্তত একটা রবিবার জমিয়ে খাওয়াদাওয়া করার ইচ্ছা কার না থাকে?
ভারত থেকে বাংলাদেশে গেল প্রায় ৫০০ টন ইলিশ!
আকাশে বর্ষার মেঘ, ইলশেগুঁড়ি বৃষ্টি বয়ে নিয়ে আসে ইলিশ আগমনের বার্তা। পশ্চিমবঙ্গের মানুষ মুখিয়ে থাকেন পদ্মার ইলিশ কেনার আশায়। এবারের বাজারে পদ্মার ইলিশ কতটা কি এসেছে এ ব্যাপারে সন্দেহ রয়েছে অনেকেরই। বাজারে ওজনদার ইলিশ পাওয়া যাচ্ছে বটে কিন্তু সেগুলো আদৌ পদ্মার কিনা বলা মুশকিল।
সপ্তাহান্তে ইলিশ মাছ নিয়ে এল এক বিরাট আপডেট। এক রিপোর্ট অনুযায়ী, যে ইলিশ মাছ মূলত বাংলাদেশ থেকে পাঠানো হতো ভারতে, এবার সেই ইলিশ মাছ, ভারত থেকে পাঠানো হচ্ছে বাংলাদেশে।
আরও ১৫০-২০০ টন পাঠানোর প্রস্তুতি ব্যবসায়ীদের
প্রতিবেশী দেশে ইলিশ রফতানি করার ফলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এ দেশের ব্যবসায়ীদের। সামাজিক মাধ্যমে শেয়ার করা দাবি অনুযায়ী Central Inland Fisheries Research Institute (CIFRI) ভারত থেকে বাংলাদেশে ইলিশ মাছ রফতানি করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিগত দুই মাসে, প্রায় ৫০০ টন ইলিশ মাছ ভারত থেকে পাঠানো হয়েছে পড়শি দেশে। এখানেই শেষ নয়। আগামী দিনে আরো কয়েক শো টন মাছ বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা রয়েছে। সব ঠিক থাকলে ১৫০ থেকে ২০০ টন ইলিশ মাছ দ্রুত রফতানি করতে চলেছে ভারত। ধারাবাহিকভাবে ইলিশ মাছ পাঠানোর ফলে ভারতীয় ব্যবসায়ীরা যাতে বেশ উৎসাহিত বোধ করবেন সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ বারুইপুর থেকে দিঘা যান লাক্সারি এসি স্লিপার বাসে, দেখে নিন রুট ও সময়সূচি
তবে বাংলাদেশ থেকে এ দেশে এই রুপোলি শস্য কবে আসবে, বা আদৌ আসবে কি না সে ব্যাপারে কিছু জানানো হয়নি। দেখার বিষয়, এই বছর ভারত থেকে শেষ পর্যন্ত কত টন ইলিশ মাছ পাঠানো হয় বাংলাদেশে।