অনন্যা সরকার, কলকাতা: ঢাকে কাঠি পড়তে আর মাসখানেকের অপেক্ষা। কয়েকদিনের মধ্যেই আসছে বিশ্বকর্মা পুজো। আর এই পুজোর আগের দিন পশ্চিমবঙ্গের শহরতলী ও গ্রামাঞ্চলে পালিত হয় আরেক পার্বণ। আগের দিন রাতে নানান পদ রান্না করে রাখা হয়, পরদিন তা মা মনসার উদ্দেশ্যে নিবেদন করা হয়। এটি বাংলায় রান্না পুজো (Ranna Pujo) নামে পরিচিত। এই পুজোর ভোগের থালায় নানা ধরনের আমিষ-নিরামিষ পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইলিশ মাছ (Ilish)। রূপোলি শষ্যের একাধিক পদ হয় রান্না পুজোয়। কিন্তু এবছর পুজোর আগেই এল দুঃসংবাদ। পশ্চিমবঙ্গের বাজারগুলিতে এখন প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে বটে, তবে সেগুলি বেশিরভাগই মায়ানমার ও গুজরাট থেকে আমদানি করা। সেই ইলিশের একটি বড় অংশ বাংলাদেশেও রপ্তানি হচ্ছে। কিন্তু পদ্মা বা মেঘনার ইলিশ, যার জন্য বাঙালি অপেক্ষায় বসে থাকে, সেগুলি রান্না পূজার আগে কলকাতা সহ রাজ্যের বাজারে আসবে না বলে জানা গেছে।
কেন পশ্চিমবঙ্গে আসছে না বাংলাদেশের ইলিশ?
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে গত ৫১ দিনে প্রায় এক ডজন নিম্নচাপ সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির কারণে ইলিশ গভীর সমুদ্রের নোনা জলেই ঘাঁটি গেড়ে রয়েছে। এরমধ্যে একাধিকবার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পদ্মা-মেঘনার মিষ্টি জলে বা মোহনায় ইলিশের আগমন ঘটেনি। তাই এর উৎপাদন এখন প্রায় নেই বললেই চলে। বাংলাদেশের মৎস্যজীবীরা যতটুকু ইলিশ ধরতে পেরেছেন, তা দেশের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। ফলে সেদেশেই এখন পদ্মা-মেঘনার ইলিশ আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে।
প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশ ভারতে ৪,৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করতে চেয়েছিল। শেষ পর্যন্ত, ১২৫০ মেট্রিক টন আনা সম্ভব হয়। এবছর ১৭ আগস্ট ৮টি ভারতীয় আমদানিকারী সংস্থা ঢাকায় যায়। সেখানে তাঁরা বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী, বাণিজ্য সচিব এবং ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন। তাঁদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এখন রপ্তানি করার মতো মাছ নেই। যদি পদ্মার ইলিশ ওঠে, তাহলে তাঁরা দুর্গাপূজার আগেই তা পাঠানোর চেষ্টা করবেন।
আরও পড়ুন: কাঠের জ্বালানি নয়, এবার গ্যাসেই হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না, নয়া উদ্যোগ রাজ্যের
গতবছর বিশ্বকর্মা পূজার রাতে রান্নাপুজোর পরের দিন মাত্র ১২৫ মেট্রিক টন বাংলাদেশি ইলিশ ভারতে এসেছিল। আর পুরো সময়টা জুড়েই এর দাম ছিল আকাশছোঁয়া। মধ্যবিত্তের সাধ্যের বাইরে। ২০২৬-এ দেখা গেল উল্টো ছবি। এবছর ভারতের গুজরাট থেকে বিপুল পরিমাণে ইলিশ বাংলাদেশে রপ্তানি হচ্ছে।