সৌভিক মুখার্জী, কলকাতা: জোরকদমে চলছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের ফর্ম ফিলাপ। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই করা যাচ্ছে আবেদন। তবে জুন মাসে অনেকের টাকা ঢুকলেও অধিকাংশ মহিলার অভিযোগ, এখনও পর্যন্ত ৩০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। কবে ঢুকবে টাকা তা নিয়ে ধন্দায় রয়েছেন রাজ্যের মহিলারা। এবার এ নিয়েই বড় কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনকি একেবারে দিনক্ষণ জানিয়ে দিলেন জুন মাসের টাকা ঢোকার।
এই তারিখেই ঢুকবে জুন মাসের অন্নপূর্ণা ভাণ্ডার
এদিন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূল সরকারের আমলে ঘটা দুর্নীতির অভিযোগগুলো টেনে আনেন এবং বলেন, লক্ষ্মীর ভাণ্ডারে কম দুর্নীতি হয়নি। কোনও কোনও জায়গায় হাজার হাজার পুরুষ লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছেন। রাজ্যের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত, সব জায়গাতেই এরকম দুর্নীতি রমরমিয়ে ঘটেছে। মুর্শিদাবাদ এবং নদীয়ার কৃষ্ণনগরের উদাহরণও টেনে আনেন তিনি। সেই কারণেই এবার অতিরিক্ত যাচাই বাছাইের কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
এদিন দলীয় সভায় শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, জুন মাসের ৩ তারিখ প্রথম ধাপে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩০০০ টাকা দেওয়া হয়েছে। প্রথম দফায় মোট ২৮ লক্ষ মহিলা টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও একবার টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৫০ লক্ষের বেশি মহিলা পেয়েছেন সুবিধা। তবে ইতিমধ্যে প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করে ফেলেছেন, এবং তাদের নাম ভেরিফিকেশন করে পোর্টালে তোলা হয়েছে। চিন্তার কোনও কারণ নেই। এই সমস্ত মহিলারা আগামী ১ জুলাই জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
আরও পড়ুন: আজই শেষ হচ্ছে না জনকল্যাণ শিবির, বাড়ানো হল মেয়াদ, কতদিন চলবে?
না বললেই নয়, প্রথমে বলা হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আলাদা করে কোনও আবেদন করতে হবে না। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফার করে দেওয়া হবে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের দুর্নীতির পরিসংখ্যান থেকে শিক্ষা নিয়েই একটি ১২ পাতার আবেদন ফর্ম প্রকাশ করা হয়, এবং সেখানে আবেদনকারী থেকে শুরু করে পরিবারের সমস্ত সদস্যদের ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যাতে কোনও দুর্নীতি না হয় তার জন্য একেবারে বদ্ধপরিকর রাজ্য সরকার। সেই কারণেই এবার অতিরিক্ত যাচাই-বাছাই করা হচ্ছে, এবং জুন মাসের টাকা জুলাই মাসেই দেওয়া হবে বলে জানানো হয়েছে।