এই সকল কর্মীদের প্রায় ৫০% বেতন বৃদ্ধির ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার কর্মচারীদের (Government Employees) জন্য রইল দারুণ সুখবর। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। বেতন এক লাফে ১৮,০০০ থেকে বেড়ে ২৫,০০০ টাকা (প্রায় অর্ধেক বৃদ্ধি) করা হতে চলেছে বলে খবর। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন কাদের বেতন বৃদ্ধি হয়েছে? চলুন জেনে নেবেন।

বেতন বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের

সূত্রের খবর, গতকাল বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানে একগুচ্ছ সিদ্ধান্ত নেয় নতুন সরকার। অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে ‘মা আহার’, আয়ুষ্মান প্রকল্প, সেবক-রংপো রেল প্রকল্প সহ একাধিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এরইসঙ্গে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর কার্যনির্বাহী সহকারীদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এই সকল কর্মচারীদের মাসিক বেতন ১৮,০০০ থেকে ২৫,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। জানিয়ে রাখি, রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার বুধবার তার তৃতীয় মন্ত্রিসভার বৈঠক করে আর সেখানেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোভিড-১৯ সময়কালে ‘মা ক্যান্টিন’ চালু করেছিল, যেখানে বিভিন্ন স্থানে ৫ টাকায় খাবার সরবরাহ করা হতো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে প্রকল্পটি চালু থাকবে, তবে এর নাম পরিবর্তন করে ‘মা আহার’ করা হয়েছে।’

বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

বৈঠকের পর মন্ত্রিসভার সদস্য দিলীপ ঘোষ ও অগ্নিমিত্র পল বলেন, ‘আগের চেয়ে আরও বেশি জায়গায় ৫ টাকায় খাবার পাওয়া যাবে।’ দিলীপ ঘোষ বলেন, ‘আগে ৩৯০টি জায়গায় ৫ টাকায় খাবার দেওয়া হতো। এবার ১১০টি নতুন জায়গায় খাবার পাওয়া যাবে। ৫০০টি কেন্দ্র থেকে খাবার বিতরণ করা হবে। এই প্রকল্পের নাম হবে ‘মা আহার’।’

আরও পড়ুনঃ বাংলায় হবে বন্দর থেকে উন্নত রাস্তা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আদানির

পয়লা বৈশাখের পরিবর্তে ২০শে জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপন। দিলীপ ঘোষ বলেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মবার্ষিকীতে, অর্থাৎ ৬ই জুলাই, তাঁর একটি নতুন মূর্তি স্থাপন করা হবে, তবে এর স্থান এখনও ঠিক করা হয়নি। রাজ্য সরকার আরও ঘোষণা করেছে যে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত বরাবর নয়টি স্থানে বেড়া নির্মাণের জন্য সীমান্ত সুরক্ষা বাহিনীকে (বিএসএফ) ৩১.৯০৫ একর জমি হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment