অনন্যা সরকার, কলকাতা: অনেক বড় পর্দার তারকাকে নানা ভূমিকায় টেলিভিশনের দর্শকদেরও আনন্দ দিতে দেখা যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ ও দেবের পর এবার টিভির পর্দার আসতে চলেছেন টলি কুইন কোয়েল মল্লিক (Koel Mallick)। হ্যাঁ, এমন জল্পনাই শোনা যাচ্ছে বিনোদন মহলে। বড় পর্দায় দাপিয়ে বেড়ানোর পর এখন নতুনভাবে নিজেকে চ্যালেঞ্জ করার কথা ভাবছেন কোয়েল। শোনা যাচ্ছে, তিনি একটি টেলিভিশন সিরিজে অভিনয় করতে চলেছেন। টলিউডে কানাঘুষো শোনা যাচ্ছে যে, সোনি আঠ চ্যানেলের একটি নতুন সিরিয়ালের মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে কোয়েলকে।
কোয়েল মল্লিকের টেলিভিশনে পদার্পণ
শোনা যাচ্ছে এই নতুন সিরিয়ালটির প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস। উল্লেখযোগ্যভাবে, এই শো-টি একটি জনপ্রিয় কোরিয়ান গল্পের বাংলা রূপান্তর হবে এবং কেন্দ্রীয় চরিত্রের জন্য কোয়েলকে ভাবা হচ্ছে। তবে, চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থা কেউই এখনও এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি।
তবে, ছোট পর্দায় এটাই কোয়েলের প্রথম কাজ নয়। এর আগে তাঁকে একটি নন-ফিকশন অনুষ্ঠানে দেখা গিয়েছিল। সেই অনুষ্ঠানটির নাম ছিল ‘কথা ও কাহিনী’। তবে, কোয়েলকে এর আগে কোনো সিরিয়ালের মুখ্য চরিত্রে দেখা যায়নি। এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে দর্শক মহলে তুমুল আলোচনা চলেছে।
আরও পড়ুন: প্রাক্তন খেলোয়াড়দের মাসে ১০,০০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, কারা যোগ্য নন?
যদিও কোয়েল নিজেও এসম্পর্কে মুখ খোলেননি। তাই কোন কোরিয়ান গল্পের বাংলা সংস্করণ আসতে চলেছে টিভির পর্দায়, তা নিয়ে কৌতুহল তৈরি হচ্ছে দর্শকদের মধ্যে। আসন্ন এই সিরিয়ালে কীভাবে দেখা যাবে কোয়েলকে বা আদৌ দেখা যাবে কি না, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।
এই মুহূর্তে, অভিনেত্রী বড় পর্দার একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন। কোয়েল ও পরমব্রত জুটিকে শীঘ্রই দেখা যাবে ‘বীরপুরুষ’ ছবিতে। একই সাথে, তিনি ‘স্পর্ধা’ নামে একটি ছবির শুটিং শুরু করেছেন। একই সাথে দুটি ছবির কাজ, তার পাশাপাশি টেলিভিশনে আসার সম্ভাবনা – সবমিলিয়ে এখন টলিউডে কোয়েলকে ঘিরে তৈরি হয়েছে নয়া গুঞ্জন।