মাসে মিলবে ৮০ হাজার টাকা স্টাইপেন্ড, আবেদন করেছেন এই স্কলারশিপে?

আনিষা চৌধুরী, কলকাতা: PhD শেষ করে গবেষণার ক্ষেত্রে আরও অনেক দূর এগিয়ে যেতে চান? তাহলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc), বেঙ্গালুরুর পোস্ট-ডক্টরাল ফেলোশিপ (Scholarship) প্রোগ্রামটি এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে। ২০২৬ সালের এই ফেলোশিপের জন্য ইতিমধ্যেই আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। PhD ডিগ্রি পাওয়া প্রার্থীদের পাশাপাশি যাঁরা ইতিমধ্যেই PhD থিসিস জমা দিয়েছেন, তাঁরাও সমানভাবে আবেদনের সুযোগ পাবেন। এখানে নিজস্ব যোগ্যতার বিচারে নির্বাচিত ফেলোরা প্রতি মাসে ৮০ হাজার টাকা করে পাবেন। এর সঙ্গে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রযোজ্য HRA-ও দেওয়া হবে। এখানেই শেষ নয়, গবেষণার প্রয়োজনীয় খরচের জন্য বছরে কয়েক লক্ষ টাকার রিসার্চ গ্রান্ট বরাদ্দ থাকবে।

কারা কারা আবেদন করতে পারবেন?

আবেদনের ক্ষেত্রে প্রার্থীর PhD ডিগ্রি থাকা যতটা প্রয়োজন, তার সঙ্গে আগের ডিগ্রিতে ফার্স্ট ক্লাস বা সমতুল্য গ্রেড থাকাও গুরুত্বপূর্ণ। পাশাপাশি আবেদনকারীর সমগ্র শিক্ষাজীবনের ব্যাকগ্রাউন্ড রেকর্ডও ভালো হওয়া আবশ্যক। যাঁরা PhD থিসিস জমা দিয়েছেন কিন্তু এখনও ডিগ্রি হাতে পাননি, তাঁরাও এখানে আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিকে থিসিস জমা দেওয়ার প্রমাণপত্র দিতে হবে। বয়সের ক্ষেত্রে ৩২ বছরের কম বয়সি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে IISc। গবেষণার কাজ চালিয়ে যাওয়ার জন্য নির্বাচিত প্রার্থীদের বছরে ২ লক্ষ টাকার রিসার্চ গ্রান্ট দেওয়া হবে। এই অর্থ আবেদনকারীরা তাঁদের মাসিক ফেলোশিপের জন্য এবং গবেষণাসংক্রান্ত কাজে ব্যবহার করতে পারবেন।

থিসিস ডিফেন্স না হলে কত টাকা মিলবে?

এখানেই বলে রাখা ভালো, কোনও প্রার্থী নির্বাচিত হওয়ার পরও যদি তাঁর PhD থিসিসের ডিফেন্স সম্পূর্ণ না হয়ে থাকে, সেক্ষেত্রে তাঁকে শুরুতে প্রতি মাসে ৫০ হাজার টাকা এবং প্রযোজ্য HRA দেওয়া হবে। তবে এই পর্যায়ে ২ লক্ষ টাকার রিসার্চ গ্রান্ট থাকবে না। পরে সফলভাবে থিসিস ডিফেন্স শেষ করে PhD ডিগ্রি অথবা প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট জমা দিলে তাঁকে IPDF পজিশনে স্থানান্তর করা হবে। ফেলোশিপের প্রাথমিক মেয়াদ এক বছর। তবে গবেষণার কাজ এবং মূল্যায়নে সন্তোষজনক ফলাফল আনতে পারলে আরও এক বছরের জন্য মেয়াদ বাড়ানোর কথা বিবেচনা করে দেখা যেতে পারে।

আরও পড়ুন: পুজোর মাসে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে পারে ডবল বেতন

IISc-এর এই প্রোগ্রামে আবেদন জমা দেওয়ার কোন নির্দিষ্ট সময় নেই। সারা বছরই আবেদন জমা দেওয়া যায়। সেপ্টেম্বর ২০২৬-এ আবেদন করা প্রার্থীদের আবেদন ৩১ ডিসেম্বর ২০২৬-এর নির্ধারিত রিভিউ সাইকেলে বিবেচনা করা হবে। নির্বাচিত হলে গবেষণার কাজ এবং ফেলোশিপের সঙ্গে যুক্ত দায়িত্ব IISc-তেই পালন করতে হবে। এই ফেলোশিপ অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফার করার কোনও ব্যবস্থাপনা নেই। আবেদন করার আগে যোগ্যতা, নিয়ম এবং অন্যান্য বিস্তারিত তথ্য IISc-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেওয়া যাবে।

Leave a Comment