এবার নির্বাচনী ময়দানে লিয়েন্ডার পেজ, কোথায় ভোটে লড়বেন প্রাক্তন টেনিস তারকা?

সৌভিক মুখার্জী, কলকাতা: এবারের বিধানসভা নির্বাচনের দিন কয়েক আগে দেশের প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes) বিজেপিতে যোগদান করেছিলেন। সেই সময়ই জল্পনা শুরু হয়েছিল, হয়তো নির্বাচনে প্রার্থী হতে পারেন তিনি। তবে তাঁকে প্রার্থী করেনি ভারতীয় জনতা পার্টি। এদিকে রাজ্যে পালাবদলের পর ইতিমধ্যেই কেটে গিয়েছে প্রায় চার মাস। সামনেই পুরভোট রাজ্যে। এবার প্রাক্তন টেনিস তারকাকে নিয়ে ফের শুরু হল জল্পনা। প্রার্থী হতে পারেন তিনি। তবে পুরভোটে নয়। তাহলে কোথায়?

লিয়েন্ডার পেজকে প্রার্থী বানাবে বিজেপি

২৬-র বিধানসভা নির্বাচনের দিন কয়েক আগে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন অলিম্পিক পদকজয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজ। সেখান থেকেই জল্পনা শুরু হয়েছিল, তাঁকে প্রার্থী বানাতে পারে বিজেপি। এমনকি দলে যোগদান করার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে নয়া দিল্লিতে বৈঠকে বসেন তিনি।

এবারের নির্বাচনী প্রচারে তিনি অন্যতম প্রধান মুখ হলেও তাঁকে প্রার্থী বানায়নি বঙ্গ বিজেপি। এমনকি নির্বাচনের পর রাজ্যের সম্ভাব্য মন্ত্রিসভায় তিনি অন্তর্ভুক্ত হতে পারেন এমনটাও জল্পনা ছড়িয়েছিল। তবে তাও হননি। এদিকে পুজোর আগেই পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি, এমনটাই ইঙ্গিত দিয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তবে লিয়েন্ডার পেজ পুরভোটে নয়, বরং ক্রীড়া প্রশাসনিক মন্ত্রী হতে পারেন। গত বছর বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন লিয়েন্ডার। আর এবার অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে বসতে পারেন প্রাক্তন টেনিস তারকা।

আরও পড়ুন: করেন বিদেশ সফর, বিলাসবহুল জীবনযাপন! বাগেশ্বর বাবার মোট সম্পত্তির পরিমাণ কত?

ইতিমধ্যেই তিনি স্পোর্টস পার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিট রস্টারে যোগ দিতে আবেদন করেছেন। এমনকি পদপ্রার্থী হিসেবে তাঁর নাম প্রস্তাবও করা হয়েছে বলে খবর। তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারেন রোহিত রাজপাল। কারণ, ২০৩৬-র অলিম্পিক আয়োজনের জন্য চেষ্টা চালাচ্ছে ভারত। সেই সূত্রে ইতিমধ্যেই মিশন অলিম্পিক ২০৩৬ তৈরি হয়েছে। দেশের মধ্যেই যেন অলিম্পিক পদক থাকে, এমনটাই চায় কেন্দ্র সরকার। সেই কথা মাথায় রেখেই এবার তাঁকে প্রার্থী বানিয়ে প্রেসিডেন্ট পদে বসানো হতে পারে।

Leave a Comment