সৌভিক মুখার্জী, কলকাতা: সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হোয়াটসঅ্যাপ (WhatsApp)। তবে মেটা তাদের জনপ্রিয় এই প্ল্যাটফর্মের এবার খরচের তালিকায় বড়সড় বদল আনছে। আগামী ১ অক্টোবর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহারকারী সংস্থাগুলিকে নির্দিষ্ট লিমিটের পর সার্ভিস মেসেজের জন্য খরচ গুনতে হবে। হ্যাঁ, গ্রাহক পরিষেবাকে আরও পরিকল্পিত করতে এবং বাণিজ্যিক মেসেজিংয়ের অর্থনৈতিক পুনর্গঠন করতেই এবার মেটার এই বড়সড় পদক্ষেপ।
কী বদল আসছে?
আগের নিয়মে গ্রাহকরা কোনও সংস্থাকে মেসেজ পাঠালে ২৪ ঘণ্টার একটি সার্ভিস উইন্ডো খুলত, যার মধ্যে সংস্থাগুলি যত খুশি মেসেজ বিনামূল্যে পাঠানোর সুযোগ পেত। তবে নতুন নিয়মে সেই উইন্ডো বজায় থাকলেও উত্তরের জন্য এবার চার্জ ধার্য করা হচ্ছে। প্রতি ক্যালেন্ডার মাসে ব্যবসায়িক ফোন নম্বরের জন্য প্রথম ১০০০টি সার্ভিস মেসেজ বিনামূল্যে ডেলিভারি করা যাবে। কিন্তু ১০০১তম মেসেজ থেকেই এবার ওই নির্দিষ্ট হারে চার্জ প্রযোজ্য হবে। এমনকি অব্যবহৃত ফ্রি মেসেজ পরবর্তী মাসে রোল ওভার হবে না।
মনে রাখা দরকার, ১০০০টি ফ্রি মেসেজ মানেই কিন্তু ১০০০ জন গ্রাহক বা কনভারসেশন নয়, বরং কোনও গ্রাহকের প্রশ্নের জবাব পেয়ে সংস্থা বা তাদের স্বয়ংক্রিয় চ্যাটবট যদি আলাদা আলাদা তিনটি মেসেজ পাঠায়, তাহলে ফ্রি কোটা থেকে তিনটি মেসেজ কেটে যাবে। যার ফলে গ্রাহকের উত্তর দিতে সংস্থাকে ঠিক কতগুলি পৃথক মেসেজ ডেলিভারি করতে হচ্ছে, তার উপরেই নির্ভর করে খরচের অঙ্ক ধার্য হবে।
এতদিন পর্যন্ত ২৪ ঘণ্টার উইন্ডো চলাকালীন ইউটিলিটি টেমপ্লেট মেসেজগুলি বিনামূল্যে পাঠানোর সুযোগ থাকত। তবে ১ অক্টোবর থেকে এগুলোর ক্ষেত্রেও চার্জ প্রযোজ্য হবে। ইউটিলিটি মেসেজগুলি ওই ১০০০টি ফ্রি মেসেজের কোটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না। কিন্তু ক্লিক-টু-হোয়াটসঅ্যাপ বিজ্ঞাপনের মাধ্যমে শুরু হওয়া চ্যাটে ৭২ ঘণ্টার ফ্রি উইন্ডো সুবিধা আগের মতো বজায় থাকবে বলে জানা গিয়েছে। কিন্তু সাধারণ ব্যবহারকারী বা গ্রাহকরা এই পরিষেবা আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে পাবে। মেটা শুধুমাত্র বিজনেস এপিআই ব্যবহারকারী সংস্থাগুলির থেকেই এই ফি নেবে বলে জানানো হয়েছে।