করেন বিদেশ সফর, বিলাসবহুল জীবনযাপন! বাগেশ্বর বাবার মোট সম্পত্তির পরিমাণ কত?

সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্গাপুজোর আগে বাংলায় এসেছেন বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত শ্রী ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী মহারাজ (Dhirendra Krishna Shastri)। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীরা বরণ করে নিয়েছেন তাঁকে। তবে সম্প্রতি দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে তাঁর এক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়া তোলপাড়। তিনি জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে দুর্গাপুজোয় মন্ডপের পিছনে সবাই আমিষ খায়। এটা তাঁর পছন্দ না। যদিও বিজেপির মন্ত্রীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাঙালি কী খাবে সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। বাইরের কেউ ঠিক করবে না। তবে আপনি কি জানেন, বাগেশ্বর বাবার মোট সম্পত্তির পরিমাণ কত?

কত টাকার মালিক ‘বাগেশ্বর বাবা’?

বিগত কয়েক বছর ধরেই বাগেশ্বর বাবা নামে পরিচিত মহারাজ ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী ধর্মীয় বক্তা হিসেবে দেশের বিভিন্ন প্রান্তের অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন। এমনকি সম্প্রতি বিদেশ সফরেও ডাক পাচ্ছেন তিনি। একাধিক তথ্য ঘেঁটে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার গড়া গ্রামের বাসিন্দা তিনি। সেখানকার বাগেশ্বর ধামের হনুমান মন্দিরের প্রধান পুরোহিত এই মহারাজ। এমনকি তিনি বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের একজন শিষ্য বলেও জানা গিয়েছে। বিশেষ করে ২০২৩ সালেই তিনি জনপ্রিয়তা লাভ করেন।

যদিও ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী মহারাজের ব্যক্তিগত সম্পত্তির কোনও পরিসংখ্যান এখনও সামনে আসেনি। তবে বিভিন্ন প্রতিবেদন এবং রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৯ থেকে ২০ কোটি টাকা। যদিও এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কিছু রিপোর্টের উপর ভিত্তি করে এই প্রতিবেদন লেখা। পাশাপাশি তাঁর আয় নিয়েও একাধিক তথ্য সামনে এসেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ভক্তরা বিভিন্ন সময় তাঁর কাছে সমস্যা সমাধানের উদ্দেশ্যে এসে মোটা অংকের টাকা দক্ষিণা দিয়ে থাকেন।

আরও পড়ুন: সোনার বাজারে ফের বদল, রুপোর দাম কত? দেখুন আজকের রেট

যদিও ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর পরিচিতির সবচেয়ে বড় কারণ তাঁর দিব্য দরবার। সেখানে তিনি ভক্তদের ব্যক্তিগত তথ্য, সমস্যা কিংবা অতীত সম্পর্কে জেনে সমাধান দিয়ে থাকেন। তবে এ নিয়ে বিতর্ক কম হয়নি। ২০২৩ সালে কর্ণাটকে যুক্তিবাদী সংগঠনের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ১০ লক্ষ টাকার চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল। পাশাপাশি রাজস্থানের উদয়পুরে একটি ধর্মীয় সভায় বক্তব্য রাখার পর ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করে পুলিশ। তবে দেশের বিভিন্ন প্রান্তের ধর্মীয় সভা এবং ভক্তদের মাধ্যমে তিনি যে মাসে বিপুল পরিমাণ টাকা আয় করেন, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment