প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতার রদবদল হতেই এবার বিশেষ আবদার নয়া রাজ্য সরকারের (Government Of West Bengal) কাছে! জানা গিয়েছে, বাংলা ভাষা (Bengali Language) ব্যবহারের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠির উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকারি কর্মচারি সংগঠন। আসলে আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু (Suvendu Adhikari) সরকার। কারণ ১৯৪৭ সালে এই দিনে অবিভক্ত বঙ্গের আইনসভায় পৃথক পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টির প্রস্তাব অনুমোদিত হয়েছিল। তাই সেই ইতিহাসকে স্মরণে রেখে এখন থেকে প্রতি বছর এই দিনটি পালনের উদ্যোগ নিয়েছে রাজ্য। আর তাই পুনরায় সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের প্রসঙ্গ উঠল শিরোনামে।
বাংলা ভাষার ব্যবহার নিয়ে নির্দেশ
উল্লেখ্য, ১৯৬৫ সালের ২৬ জানুয়ারি রাজ্যের সরকারি ভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। এবং পাহাড়ের তিনটি মহকুমা কালিম্পং, দার্জিলিং ও কার্শিয়াংয়ে বাংলার পাশাপাশি নেপালি ভাষাকেও সরকারি স্বীকৃতি দেওয়া হবে বলে জানানো হয়েছিল। এরপর ২০০০ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যসচিব মণীশ গুপ্ত পরবর্তী বাংলা বছরের পয়লা বৈশাখ থেকে সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার নিয়ে নির্দেশিকা জারি করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সেই কাজ না এগোনোয় এবার নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠানোর উদ্যোগ নিল সরকারি কর্মচারি সংগঠন।
নির্দেশিকায় কী বলা হয়েছিল?
সূত্রের খবর, ২০০০ সালের ওই নির্দেশনামায় সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার নিয়ে একগুচ্ছ নির্দেশ দিয়েছিল বামফ্রন্ট সরকার। সেখানে বলা হয়েছিল রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরগুলির সব নির্দেশ, বিজ্ঞপ্তি, অফিসের সাইন বোর্ড, সরকারি বাসের টিকিট, হাসপাতালের টিকিট সবকিছু বাংলা ভাষায় করার কথা বলা হয়। এখানেই শেষ নয়,সরকারি আধিকারিকের কাছে বাংলায় কেউ চিঠি লিখলে তার উত্তর যাতে বাংলায় দেওয়া হয়, সেই নিয়েও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল তৎকালীন মুখ্যসচিবের তরফে। কিন্তু সেই নির্দেশ কার্যকর হলে না। আর সেই আপসোস থেকেই এবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো হতে চলেছে চিঠি।
আরও পড়ুন: যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন অভিষেক! রক্ষাকবচ তুলে নিল হাইকোর্ট
রাজ্য সরকারি কর্মচারি আন্দোলনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন, তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যসচিব মণীশ গুপ্তের ওই বিশেষ নির্দেশটি প্রকাশিত হয়েছিল বাংলায়। এমনকি সব দপ্তরের সচিবের কাছেও ওই নির্দেশিকা পাঠিয়ে তা কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছিল। কিন্তু ২৫ বছর পেরিয়ে গেলেও এখনও কিছুই হয়নি বলে অভিযোগ। তাই সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের দাবি নিয়ে মনোজবাবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিতে চলেছেন।