সহেলি মিত্র, কলকাতা: পূর্বাভাস (Weather Update) মতোই শুরু হল বৃষ্টি। আকাশ কালো হয়ে রয়েছে। সেইসঙ্গে বজ্রবিদ্যুতেরও দাপট শোনা যাচ্ছে। সব মিলিয়ে ছুটির দিনে আবহাওয়া চোখের নিমিষে বদলে গেল। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সেল সক্রিয় রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু জায়গায় সেলগুলি রয়েছে। যে কারণে বর্তমানে বৃষ্টির দাপট শুরু হয়েছে। আরও কি বৃষ্টি হবে? কেমন থাকবে সমগ্র বিকেল থেকে সন্ধের আবহাওয়া? চলুন জেনে নেবেন।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু
এমনিতেই বৃষ্টি শুরু হয়েছে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে। এরপর আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার সক্রিয় সেলের নিচে অল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ-সহ জোরালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় নতুন সেল তৈরি হওয়ার ফলে বাংলায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি বলে আবহাওয়া অফিস সূত্রে খবর। বিশেষ করে উত্তরবঙ্গের কিছু অংশ, মালদহ–উত্তর দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, পশ্চিম বর্ধমান, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও সংলগ্ন অঞ্চলে বৃষ্টির সেল দেখা যাচ্ছে। ফলে উল্লেখিত জেলাগুলিতে ভালো মতো বৃষ্টির ভ্রূকুটি রয়েছে।
বাংলা থেকে বর্ষা বিদায়ের পথে?
এদিকে বেশ কিছু আবহাওয়া অফিস থেকে বর্ষা বিদায়ের ইঙ্গিত দিয়েছে। সূত্রের খবর, আগামী ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাতেও কি এরকম পরিস্থিতি তৈরি হবে? বিভিন্ন আবহাওয়া বিজ্ঞানী বলছেন, উত্তর থেকে দক্ষিণবঙ্গে এখনই বর্ষা বিদায় নয়। আপাতত জেলায় জেলায় চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এদিকে সেপ্টেম্বরের শেষের দিকে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বিভিন্ন আবহাওয়া অফিস।
আরও পড়ুনঃ ভারতকে ৩৬০ কিমি গতির ইভোলগা ট্রেন দেওয়ার প্রস্তাব রাশিয়ার, বদলে যাবে রেল পরিষেবা
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের হলুদ সর্তকতাও রয়েছে। এরপর আগামীকাল সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।