চিনে সুরক্ষিত শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা? মুকুল পুত্রের সঙ্গে দেখা করলেন শতরূপ

প্রীতি পোদ্দার, কলকাতা: নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ও হড়পা বানের (Nepal Flood) প্রায় দুই সপ্তাহ কেটে গিয়েছে, কিন্তু আজও নিখোঁজ বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের (Subhranshu Roy) স্ত্রী শর্মিষ্ঠা রায়। রাজ্য প্রশাসন, দিল্লির বিদেশ মন্ত্রক কিংবা কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস, সর্বত্র জায়গায় যোগাযোগ করা হলেও মেলেনি কোনো ইতিবাচক বার্তা। এই দমবন্ধ করা অনিশ্চয়তার মাঝেই নতুন করে আশার আলো জ্বালালো চিনের বিদেশ মন্ত্রকের ছোট্ট একটা তথ্য। আর সেই তথ্যকে তুলে ধরেই স্ত্রীকে ফিরে পাওয়ার (Shubhranshu Roy Wife Missing) আশায় ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন জানাল শুভ্রাংশু।

নিখোঁজ মুকুল পুত্রবধূ

উল্লেখ্য, প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের পুত্রবধূ তথা বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায় গত ২১ আগস্ট হাওড়ার একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে কৈলাস-মানসরোবর যাত্রার জন্য রওনা দিয়েছিলেন, সফরের সময় পরিবারের সঙ্গে কথা হলেও ২৬ আগস্ট সকালে আচমকা হড়পা বান আছড়ে পড়ার পর থেকেই শর্মিষ্ঠার সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নানা জায়গায় স্ত্রীয়ের খোঁজ পাওয়ার জন্য ছুটে চলেছেন শুভ্রাংশু ও তাঁর পরিবারের সদস্যরা। একাধিক সরকারি ও বেসরকারি সূত্রে বিভিন্ন তথ্য সামনে এলেও এখনও শর্মিষ্ঠার অবস্থান নিশ্চিত করা যায়নি

চীনে সুরক্ষিত থাকার সম্ভাবনা

জানা গিয়েছে, ভবানী ভবন থেকে শুরু করে স্থানীয় থানা ও বিদেশ মন্ত্রকের কাছেও গিয়েছেন বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। এমনকি উদ্ধার হওয়া পরিচয়হীন মরদেহের পরিচয় জানার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে পরিবারের DNA নমুনাও, যার চূড়ান্ত রিপোর্ট এখনও মেলেনি। সবদিক থেকে সকলেই যেন আশাহত হয়ে পড়ছে। আর এই চরম অনিশ্চয়তার মধ্যে চিনের বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে এক গুরুত্বপূর্ণ তথ্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভ্রাংশু রায় জানিয়েছেন যে, “আমার কাছে যা খবর আছে আমার বউ সহ জরাচল ওই সময় নেপাল ইমিগ্রেশন ক্রস করে তিব্বত চায়না সীমান্তে চলে গেছে।”

কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের কাছে আবেদন শুভ্রাংশুর

রায় পরিবারের আশা, চিনে কোনও নিরাপদ আশ্রয় বা সামরিক শিবিরে অন্যান্য পর্যটকদের সঙ্গে সুরক্ষিত আছেন শর্মিষ্ঠা। এবং তিব্বত সীমান্তবর্তী এলাকায় প্রাকৃতিক দুর্যোগে নেটওয়ার্ক অকেজো হয়ে যাওয়ায় এবং নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে পর্যটকেরা নিরাপদ থাকা সত্ত্বেও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মাধ্যমে চীনের বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাইয়ের আবেদন জানিয়েছেন মুকুল পুত্র তথা শর্মিষ্ঠার স্বামী শুভ্রাংশু রায়। ইতিমধ্যেই এই ঘটনায় পরিবারের পাশে দাঁড়াতে গতকাল, শুভ্রাংশু রায়ের সঙ্গে দেখা করতে এলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ।

আরও পড়ুন: মাত্র ১১০ টাকায় কলকাতা থেকে ট্রেনে পৌঁছে যান পুরী, রইল সম্পূর্ণ গাইড

সাংবাদিকদের সামনে শতরূপ ঘোষ জানিয়েছেন যে, “ঘটনাটি খুবই যন্ত্রণার এবং উদ্বেগের কথা। আনন্দ সফরের মাঝে এইরকম উদ্বেগ জনপ পরিস্থিতি একদমই কাম্য নয়। তাই আমরা চাই যেন এই ঘটনা নিয়ে খুব শীঘ্রই ভারত সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি। আমরা সব রকম ভাবে চেষ্টা করছি। ব্যক্তিগতভাবে দলীয়গতভাবে সকলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা চাই খুব তাড়াতাড়ি যেন এই দুঃসময় তা আমরা কাটি উঠতে পারি।”

Leave a Comment