বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত ধরে বিধানসভায় পাস হয়েছে গুন্ডাদমন বিল (Gunda Bill)। তবে বিলটিকে আইনে পরিণত করতে রাষ্ট্রপতির অনুমতি চাওয়া হলেও ওই বিলে সম্মতি দেয়নি রাষ্ট্রপতি ভবন। সেখান থেকে নবান্নে ফিরে এসেছে বিল। জানা যাচ্ছে, কেন্দ্রীয় আইনের সাথে সংঘাতের কারণে বিলটি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার তা নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আইন মেনে বিলটিকে কার্যকর করার পথে এগোবে রাজ্য।
গুন্ডাদমন বিল নিয়ে বড় মন্তব্য মুখ্যমন্ত্রীর
পশ্চিমবঙ্গ সরকারের গুন্ডাদমন বিল রাষ্ট্রপতির সম্মতি না পেয়ে ফেরত এসেছে এই খবর প্রকাশ করেছিল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের আপত্তি থাকায় বিলটিকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রের দাবি, পশ্চিমবঙ্গের গুন্ডাদমন বিলের সাথে আইনি সংঘাত হচ্ছে। রাজ্য সরকার বিলটি যে নামে প্রকাশ করেছে সেই গুন্ডা শব্দের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তাতেই তৈরি হচ্ছে আইনি সংঘাত।
কেন্দ্রীয় সরকারের তরফে পাঠানো নোটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত বিলের বি ধারায় গুন্ডা শব্দের সংজ্ঞার সাথে এমন ব্যক্তিকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে যিনি মাদক সংক্রান্ত অপরাধে অভিযুক্ত। এই বিষয়টিই কেন্দ্রীয় সরকারের 1988 সালের পিআইটিএনডিপিএস আইনের সাথে মানানসই। আর ঠিক সে কারণেই কেন্দ্রীয় আইনের সাথে রাজ্য সরকারের আইনের সংঘাত তৈরি হচ্ছে। তাই কেন্দ্র পরামর্শ দিয়েছে, রাজ্য সরকার যেন ওই বিল থেকে এনডিপিএস আইন সংক্রান্ত ধারাটি বাদ দিয়ে তবেই রাষ্ট্রপতিকে ফের সেটি পাঠায়। সেক্ষেত্রে অনুমতি মিলতে পারে।
আরও পড়ুন: ‘নামাজ পড়া গেলেও ছাদে করা যাবে না দুর্গাপুজো’, মামলা খারিজ করে যা জানাল কলকাতা হাইকোর্ট
এদিকে রাষ্ট্রপতি ভবন থেকে গুন্ডাদমন বিল নবান্নে ফিরে আসায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শাসক দলকে কটাক্ষ করে নানান মন্তব্য করেছেন মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমতাবস্থায়, গুন্ডাদমন বিল নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, আইন মেনেই এই বিল কার্যকর করার জন্য পদক্ষেপ নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, “আরও চারটি রাজ্যে রয়েছে গুন্ডাদমন আইন। আমরা আইন মেনেই কাজ করব। কোনও অসুবিধা হবে না।”