অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের নতুন সরকার শুধু শহরাঞ্চলের শ্রীবৃদ্ধি নয়, পিছিয়ে থাকা গ্রামগুলির উন্নতিকরণের জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছে। বর্তমানে তারা কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্যে ‘আদর্শ গ্রাম যোজনা’র (Adarsh Gram Yojana) অধীনে পর্যায়ক্রমে ১,০০০টি গ্রামকে বেছে নিয়ে সেগুলির প্রভূত উন্নতি করার প্রক্রিয়া শুরু করেছে। রাজ্যের অনগ্রসর উন্নয়ন দপ্তরের মন্ত্রী গৌরীশংকর ঘোষ সরকারের এই পদক্ষেপের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, পূর্বতন সরকার এই প্রকল্প বাস্তবায়নের রাজ্যের মোট ৮,০০০ গ্রামকে তালিকাভুক্ত করেছিল। তারই মধ্যে থেকে এখন গুরুত্বের ভিত্তিতে প্রথম পর্যায়ে ১,০০০টি গ্রামকে বেছে নিয়ে প্রকল্প রূপায়ণের কাজ শুরু হবে।
‘আদর্শ গ্রাম যোজনা’ কী কী উন্নয়ন করা হবে গ্রামগুলির?
এই রাজ্যে এখনও রয়েছে এমন কিছু গ্রামীণ অঞ্চল, যা উন্নয়নের স্পর্শটুকু পায়নি। অবহেলিত হয়ে রয়ে গেছে বছরের পর বছর। বর্ষায় হাঁটুসমান জল জমা, নিকাশি ব্যবস্থার সঙ্গীন দশা, স্কুল বলতে একটা নামমাত্র কাঠামো আর পানীয় জলের আকাল – এইসবই গ্রামগুলির নিত্যসঙ্গী। পঞ্চায়েত স্তরেও সেভাবে উন্নয়ন পৌঁছাতে পারেনি ওই অঞ্চলগুলিতে। সবচেয়ে বড় সমস্যা হল, গ্রামের বেশিরভাগ যুবক পেটের দায়ে বাইরের রাজ্য ‘পরিযায়ী শ্রমিক’ হয়ে কাজ করছেন। কেবল বিশেষ দরকার বা উৎসব-অনুষ্ঠান ছাড়া বাড়িতে আসতে পারেন না তারা। ফলে স্থানীয় স্তরে অভাব-অভিযোগ সরকারের কাছে তুলে ধরার মতো বলিষ্ঠ অভিভাবক ও নেতৃত্বের অভাবে ভুগছে এই গ্রামগুলো।
আরও পড়ুন: ডেথ ও বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন আরও নির্ভুল করতে নয়া পদক্ষেপ সরকারের
তবে কেন্দ্রের সহযোগিতায় এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে উন্নয়নের বাতি প্রজ্জ্বলিত করাই এখন রাজ্য সরকারের উদ্দেশ্য। শোনা যাচ্ছে, ‘আদর্শ গ্রাম যোজনা’র আওতায় থাকা গ্রামগুলির পরিকাঠামোগত উন্নয়নের জন্য গ্রাম পিছু ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের বাস্তবায়নের জন্য সম্পূর্ণ অর্থ দিচ্ছে কেন্দ্র সরকার।
প্রসঙ্গত, সারা দেশজুড়ে তফসিলি জাতি ও উপজাতি প্রধান গ্রামগুলির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার তাদের এই বিশেষ কর্মসূচিটি পরিচালনা করে। প্রথম দিকে যেসব গ্রামে ৫০ শতাংশের বেশি তফসিলি জাতিভুক্ত মানুষরা থাকেন, সেরকম প্রায় ৪৪,০০০ গ্রামকে ‘প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা’ প্রকল্পের আওতায় আনার কাজ শুরু হয়েছিল।
আরও পড়ুন: প্রতিটি বাড়িতে বাধ্যতামূলক হবে জল সংরক্ষণের ব্যবস্থা, কড়া নিয়ম আনছে সরকার
পরবর্তীকালে, বিভিন্ন উপজাতির মানুষের উন্নয়ন ঘটাতে চালু হওয়া ‘প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনা’-র অধীনে সারা দেশের মোট ৩৬,৪২৮ আদিবাসী প্রধান গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তরের কাজ এই প্রকল্পের সাথেই সমান্তরাল ভাবে চলছে। প্রাথমিক পর্যায়ের ১,০০০ গ্রামের পরিকাঠামোগত অভাব মেটানোর পর, বাদবাকি চিহ্নিত গ্রামগুলিকেও ধীরে ধীরে পর্যায়ক্রমে এই উন্নয়নের জোয়ারে শামিল করা হবে বলে রাজ্যের অনগ্রসর উন্নয়ন দপ্তর সূত্রে জানা। গেছে।