আনিষা চৌধুরী, কলকাতা: বাংলাদেশের (Bangladesh) চট্টগ্রামে সেনাবাহিনীর মহড়া চলাকালীন চিনা প্রযুক্তিতে তৈরি একটি ট্যাঙ্কে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। ঘটনায় মৃত্যু হয়েছে দুই সেনাকর্মীর। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও এক সেনা আধিকারিক। সূত্রের খবর, চট্টগ্রামের হাটহাজারি ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় আচমকাই এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের ভয়াবহ মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বহু মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে।
মহড়ার মাঝেই আচমকা বিস্ফোরণ
যতদূর জানা গিয়েছে, মহড়ার সময় চিন থেকে আনা টাইপ ৫৯ ট্যাঙ্কটি ব্যবহার করা হচ্ছিল। সেই সময় ট্যাঙ্ক থেকে গোলা ছোড়া হয় আর তার পরই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গণমাধ্যম ও জনসংযোগ দফতর, ইন্টারসার্ভিস পাবলিক রিলেশন বা আইএসপিআর (ISPR)। কিন্তু ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
‘শ্যাডোইন্ডিয়া’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ট্যাঙ্কের প্রবেশপথের কাছে এক সেনাকর্মী দাঁড়িয়ে ছিলেন। মহড়া শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই বিকট শব্দে একটি ভয়ংকর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে ওই সেনাকর্মী ছিটকে গিয়ে বাইরে পড়ে যান। ট্যাঙ্কের ভিতরেও ছিলেন আরও এক সেনাকর্মী। জানা গিয়েছে তাঁরও মৃত্যু হয়েছে।
Bangladesh Army’s Chinese-Origin Type 59 Tank Explodes During Firing Exercise in Chattogram, 2 Crew Members Killed
A Chinese-origin Type 59 tank reportedly exploded during a firing exercise conducted by the Bangladesh Army in Hathazari, Chattogram. The incident reportedly… pic.twitter.com/ZgkjhYTKnL
— DEFENCE JOURNALIST SAHIL (@DefenceSahil) September 9, 2026
আরও পড়ুন: ChatGPT দিয়েই বানিয়ে নিন ভাইরাল আশির দশকের ফটো, রইল প্রম্পট
ঘটনায় দুই সেনাকর্মীর মৃত্যু ছাড়াও এক সেনা আধিকারিক গুরুতর আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ট্যাঙ্ক থেকে গোলা ছোড়ার সময় ঠিক কী ধরনের সমস্যার কারণে এই বিস্ফোরণ ঘটেছিল, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।