২০,৮০০ কোটির বেশি বরাদ্দ রেলের, বাংলা সহ দেশজুড়ে চলবে ৮ নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্প

অনন্যা সরকার, নয়াদিল্লি: ভারতের রেল পরিকাঠামো শক্তিশালী করতে এবং ট্রেন চলাচল আরও  মসৃণ করতে কেন্দ্রীয় সরকার ক্রমাগত আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রেলের (Indian Railways) আধুনিকীকরণের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন করা হয়েছে। আজ মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো সম্পর্কে জানাতে গিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) সংবাদ মাধ্যমকে বলেন, ভারতীয় রেলের ক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণের লক্ষ্যে মোট আটটি নতুন রেল প্রকল্পের ( Multi-tracking Rail Projects) অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা, যার আনুমানিক মোট ব্যয় ২০,৮০০ কোটি টাকারও বেশি। আসুন তাহলে রেলমন্ত্রীর ঘোষণা করা এই উচ্চ আকাঙ্ক্ষিত রেল প্রকল্পগুলির সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক। 

৭টি হাই-ডেনসিটি রুটে ফোর-লেন নির্মাণ

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, ভারতীয় রেলের আধুনিকীকরণের অংশ হিসেবে কেন্দ্রীয় সরকার দেশের সাতটি ব্যস্ততম হাই ডেনসিটি রেল করিডরকে চার-লেনে (Four Lane) পরিবর্তিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সাতটি উচ্চ-ঘনত্বের রুট হল -দিল্লি–হাওড়া, হাওড়া–চেন্নাই, চেন্নাই–মুম্বাই, মুম্বাই–দিল্লি, দিল্লি–চেন্নাই, মুম্বাই–হাওড়া এবং দিল্লি–গুয়াহাটি। প্রসঙ্গত, এই রুটগুলি সমগ্র ভারতীয় রেল নেটওয়ার্কের মাত্র ১৬% জুড়ে অবস্থিত, কিন্তু এগুলি দেশের মোট রেল ট্র্যাফিকের প্রায় ৪১% পরিচালনা করে।

৫টি রাজ্যে ৩টি মাল্টি-ট্র্যাকিং প্রকল্প

কেন্দ্রীয় মন্ত্রিসভা মোট ১০,৭৮৩ কোটি টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় জুড়ে ১৪টি জেলার জন্য তিনটি প্রধান মাল্টি-ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে, এগুলি হল –

  • খড়গপুর থেকে ঝাড়সুগুড়া পর্যন্ত চতুর্থ লাইন
  • কাটনি থেকে পেন্ড্রা রোড পর্যন্ত চতুর্থ লাইন 
  • বিলাসপুর থেকে পেন্ড্রা রোড পর্যন্ত তৃতীয় লাইন
আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় হাওড়া-রামপুরহাট লাইনে অতিরিক্ত কোচ ও স্পেশাল ট্রেন, ঘোষণা পূর্ব রেলের

দক্ষিণ ভারতে ৫টি মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন 

তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানা দক্ষিণ ভারতের এই চার রাজ্যের ১৭টি জেলা জুড়ে রেল পরিকাঠামো শক্তিশালী করার জন্য ৫টি পৃথক মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রায় ৫৪০ কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত হতে চলেছে এই প্রকল্পগুলির মাধ্যমে। এই পাঁচটি প্রকল্পের রুট গুলি হল –

  • আরাক্কোনম–রেনিগুন্টা তৃতীয় ও চতুর্থ লাইন (৭৭ কিমি)
  • হোয়াইটফিল্ড–বাঙ্গারাপেট তৃতীয় ও চতুর্থ লাইন (৪৭ কিমি)
  • হোসুর–ওমালুর ডাবলিং (১৪৭ কিমি)
  • সালেম–কারুর–দিন্দিগুল ডাবলিং (১৫৯ কিমি)
  • সেকেন্দ্রাবাদ (ঘাটকেসর)–কাজিপেট সেকশনের মাল্টি-ট্র্যাকিং (১১০ কিমি)

আরও পড়ুন: পৃথিবীতেই সূর্য তৈরির পথে ভারত! প্রথমবার প্লাজমা বানিয়ে ইতিহাস গড়ল PRAGYA

এই সবকটি প্রকল্প ২০২৯-৩০ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এগুলি রেলের যাত্রী ও পণ্য বহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। তার পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলির সাথে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে এবং রেলের আধুনিকীকরণের মাধ্যমে সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment