বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বার্থে ঘা লাগলেই কথায় কথায় ভারতের উপর শুল্ক চাপান আমেরিকার প্রেসিডেন্ট (Donald Trump) । সেই ডোনাল্ড ট্রাম্পের নামে আস্ত একটা রাস্তার নামকরণ করল তেলেঙ্গানার কংগ্রেস সরকার। জানা যাচ্ছে, হায়দরাবাদে মার্কিন কনসুলেটের পাস দিয়ে যাওয়া রাস্তাটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ (Donald Trump Avenue)। গতকালই উদ্বোধন হয়েছে সেই রাস্তার। 23 জুন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর এবং তেলেঙ্গানার উপ মুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমরকার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় রাস্তার ফটোকটি।
ট্রাম্পের নামে রাস্তা কংগ্রেস শাসিত রাজ্যে
এর আগে 2025 সালের ডিসেম্বর মাসে তেলেঙ্গানা রাইজিং সামিটে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি প্রথমবারের মতো মার্কিন কনস্যুলেটের পাস থেকে যাওয়া রাস্তাটির নামকরণের ক্ষেত্রে ভারত এবং আমেরিকার যৌথ অংশীদারীতে হায়দরাবাদের ভূমিকার কথা উল্লেখ করেছিলেন। আর তার পরপরই সম্প্রতি তেলেঙ্গানার কংগ্রেস সরকার ওই রাস্তাটির নাম ডোনাল্ড ট্রাম্পের নামে রাখে।
গতকাল ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে ওই রাস্তার উদ্বোধনের পর ভাট্টি বিক্রমরকা জানান, “হায়দরাবাদে বসবাসকারী পরিবারগুলির কাছে আমেরিকা শুধুমাত্র মানচিত্রে থাকা একটি দেশ নয়, বরং বস্টনে থাকা এক পুত্র, নিউ জার্সিতে থাকা এক কন্যা, সিয়াটেলে থাকা এক বন্ধু কিংবা অস্টিনে থাকা একজন প্রতিষ্ঠাতা।” এদিন হায়দরাবাদের উন্নতিতে আমেরিকার অবদানের কথাও স্মরণ করান তেলেঙ্গানার উপ-মুখ্যমন্ত্রী!
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের নামে নামাঙ্কিত রাস্তাটির উদ্বোধন করতে এসে মার্কিন রাষ্ট্রদূত গোর বলেন, “ভারত এবং আমেরিকার সম্পর্কের মূল ভিত্তি হল বিশ্বাস। আর সেই বিশ্বাসই বাণিজ্য থেকে শুরু করে প্রতিরক্ষা, প্রযুক্তি, ওষুধ, মহাকাশ এমনকি বিনিয়োগের মতো নতুন সুযোগ তৈরি করে দিয়েছে। ওয়াশিংটন এবং নয়া দিল্লি বিভিন্ন বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করছে।”
অবশ্যই পড়ুন: নেইমার স্কটল্যান্ড ম্যাচে নামার আগেই খারাপ খবর ব্রাজিল ব্রিগেডে!
প্রসঙ্গত, তেলেঙ্গানার কংগ্রেস সরকার ডোনাল্ড ট্রাম্পের নামে রাস্তার নামকরণ করার নেপথ্যে ব্যবসা এবং মার্কিন লগ্নি টানার যুক্তি দিলেও কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, যে রাহুল গান্ধী চিরকাল আক্রমণ করে এসেছেন নরেন্দ্র মোদি নাকি ডোনাল্ড ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করেছেন, এবার রাস্তার নাম মার্কিন প্রেসিডেন্টের নামে করে আত্মসমর্পণটা কে করল?