প্রীতি পোদ্দার, কলকাতা: তীব্র ও অস্বস্তি গরমে রীতিমত নাজেহাল অবস্থা সকলের। বিকেলের দিকে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েক জায়গায় বৃষ্টি হলেও অস্বস্তির রেশ কাটছে না কিছুতেই। তবে আগামীকাল শুক্রবার (Weather Tomorrow) থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বেশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরবঙ্গজুড়ে (North Bengal) প্রাক-বর্ষার দাপট শুরু হয়েছে।
গরমে সবাই এতটাই কাহিল যে বর্ষা আশার অপেক্ষায় সকলেই চাতক পাখির মত অপেক্ষা করে চলেছে। এদিকে মৌসুমি বায়ুর অগ্রগতির দিকে নজর রাখছেন আবহাওয়াবিদদের। যদিও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে আগেই বর্ষার আগমন ঘটেছে। কিন্তু ভারতের মূল ভূখণ্ডে সাধারণত ১ জুন বর্ষা ঢোকার কথা থাকলেও এ বছর কেরলে কিছুটা দেরী হচ্ছে। তবে আজ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কেরলে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু লাক্ষাদ্বীপ ও তামিলনাড়ুর কিছু অংশেও প্রবেশ করতে পারে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ নিতে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার, সকাল থেকেই রোদের মেজাজ বেশ থাকবে। আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি ভ্যাপসা অস্বস্তিকর গরম বজায় থাকবে। তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। মাঝে মধ্যে আকাশে আংশিক মেঘের দেখা পাওয়া যাবে। বিকেলের দিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এছাড়াও ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হলেও তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
আরও পড়ুন: কলকাতায় হবে দেশের ১৮তম ওয়াটার মেট্রো, তাজপুর বন্দর নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
বিগত কয়েক সপ্তাহ ধরেই উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হয়েই চলেছে। এখনও কাটেনি সেই বৃষ্টির রেশ। জানা গিয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী বেশ কয়েকদিন ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় আগামীকালও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত থাকবে এমন পরিস্থিতি। পাশাপাশি প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি যেমন হবে ঠিক তেমনই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।