সৌভিক মুখার্জী, কলকাতা: গ্রেফতারির আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। হলও তাই। বাড়ি থেকে বেরোতেই আটক হলেন অভিজিৎ। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শুক্রবার কনট প্লেসে তিরঙ্গা কর্মসূচির ঘোষণা করেছিল ককরোচ জনতা পার্টি। সেই মিছিলে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন অভিজিৎ। সেই সময়ই তাঁকে আটক করে দিল্লি পুলিশ।
ফের আটক অভিজিৎ দীপকে
এদিনের কর্মসূচির আগেই সিজেপি প্রধান আশঙ্কা করেছিলেন যে তাঁকে আটক করা হতে পারে। তবুও তিনি বলেছিলেন, “গ্রেফতার করলে গ্রেফতার হব।” সেই আশঙ্কাই হল সত্যি। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার ঠিক কয়েক মিনিট আগেই বাড়ি থেকে আটক হলেন অভিজিৎ। উল্লেখ্য, চলতি সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার গ্রেফতার হয়েছেন অভিজিৎ। এর আগে এসআইআর-এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে মুম্বাই থেকে দিল্লিতে আসা মাত্রই বিমান থেকে আটক করা হয় তাঁকে সহ সিজেপি নেতাদের।
আজকের এই মিছিলের উদ্দেশ্য ছিল সৌরভ দাস এবং আশুতোষ রঙ্কার গ্রেফতারের প্রতিবাদ। কারণ, যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া ঠিক একদিন পর ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে সেখানে প্রবেশ করাতেই তাঁদের আটক করে ৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এমনকি আজ আটকের আগেই দিল্লি পুলিশের তরফ থেকে অভিজিতের বাড়িতে হাজির হয়ে মিছিল না করার জন্য নোটিশ দেওয়া হয়।
আরও পড়ুন: এই দিন হবে ডিএ মামলার পরবর্তী শুনানি, মিটিং ডেট নিয়েও বড় খবর
সবচেয়ে বড় ব্যাপার, এদিনের মিছিলের আঁচ বুঝতে পেরেই প্রশাসনের তরফ থেকে মোট ৩২ হাজার পুলিশ মোতায়েন করা হয় ওই এলাকার। পাশাপাশি বিএনএসের ১৬৩ ধারা জারি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্রধান কেনাকাটার জায়গা কনট প্লেস এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। তার পাশাপাশি দিল্লি পৌরসভা প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার অনুমতি দেয়নি এবং সিজেপি যদি এই মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।