বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রিয় অভিনেতা দেবের সাথে ছবি তুলতে না পেরে অজ্ঞান হয়ে গেলেন এক ভক্ত (Viral Dev Fan)! ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অন্তর্গত বনগাঁ মহকুমার চাঁদপাড়ায়। বৃহস্পতিবার সেখানেই তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোটের প্রচারে গিয়েছিলেন সাংসদ দেব। এদিকে দেবকে দেখতে কয়েক ঘন্টা ধরে সভাস্থলের কাছে অপেক্ষা করছিলেন অগণিত ভক্ত। তাঁদের মধ্যে থেকেই এক তরুণীর অভিযোগ, প্রিয় অভিনেতার সাথে কথা বলতে পারলেও ছবি তোলার সুযোগ হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, এমন অভিযোগ করতে করতেই আচমকা মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন তিনি! যে ঘটনা নেট দুনিয়ার একাংশের হাসির খোরাকও জুগিয়েছে বলা যায়!
ঠিক কী ঘটেছিল?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও মারফত খবর, বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্যর হয়ে প্রচারে গিয়েছিলেন অভিনেতা দেব। সেখানেই দেবকে এক ঝলক দেখতে হাজির হয়েছিলেন তাঁর অসংখ্য ভক্ত। সেখানকারই এক তরুণীরকে একনাগাড়ে দেব দেব বলে চেঁচাতে দেখা গিয়েছে। ভিডিওটিতে দেখা যায়, বারবার দেব দেব বলে চিৎকার করছেন! বলছেন, “ও চলে যাচ্ছে। ওকে একটু নেমে আসতে বলো না!” এমন বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই হাউ হাউ করে কেঁদে ফেলেন তিনি।
ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওই তরুণীকে বলতে শোনা যায়, “এই দলটার হয়ে এতদিন ধরে সবকিছু করেছি! দেবের হাত মিলিয়েছি। শুধু ওর সাথে একটা ছবি তুলতে চেয়েছিলাম। কিন্তু ওরা আমাকে সরিয়ে দিয়েছে।” সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ওই তরুণী বলছিলেন, তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে দেবের নিরাপত্তার দায়িত্ব থাকা ব্যক্তিদের কাছে অনুরোধ করলেও তাঁরা দেবের সাথে একটা ছবি তোলার সুযোগ তাঁকে করে দেননি.. এমন অভিযোগ করে হঠাৎ কাঁদতে কাঁদতেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
অবশ্যই পড়ুন: ‘ইন্ডিয়া আউট’ ভুলে ভারতের শরণাপন্ন, ৩০ বিলিয়ন রুপি দিয়ে মালদ্বীপকে বাঁচাল দিল্লি
প্রসঙ্গত, ওই তরুণীর শারীরিক অসুস্থতার খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বড় পোস্ট করেছেন তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা। তিনি লিখেছেন, “দেব সকলের সাথে মিশে যাওয়ার চেষ্টা করে, হাত মেলানোর চেষ্টা করে, ফটো তোলারও চেষ্টা করেছে। আমি খবর পেয়েছি একটি মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আমি সঙ্গে সঙ্গে তাঁর অসুস্থতার খবর দেবদাকে জানিয়েছি। দেবদা আশ্বস্ত করেছেন, চার তারিখের পর মেয়েটির সাথে দেখা করবেন।” সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মেয়েটির একটি ভিডিও পোস্ট করে অভিনেতা দেবও লিখেছেন, “আমি ঋতুপর্ণাকে (বনগাঁ দক্ষিণের প্রার্থী) বলে দিয়েছি ৪ তারিখের পর তোমাকে নিয়ে আমার অফিসে আসতে। ভালো থেকো.. দেখা হবে খুব তাড়াতাড়ি”
https://shorturl.fm/7teQY