সহেলি মিত্র, কলকাতাঃ এক টানা দুর্যোগের কবলে বাংলা। দিকে দিকে হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এদিকে দক্ষিণবঙ্গে টানা ঝড় বৃষ্টির জেরে আবহাওয়া ঠান্ডা হয়ে গিয়েছে। গরমের লেশমাত্র নেই। তবে দুর্যোগের পালা কিন্তু এখনই শেষ হচ্ছে না। আজ শনিবার থেকে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার ফলে জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী বর্ষণ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ফলে বাড়ি থেকে বেরনোর আগে সঙ্গে ছাতা রাখতে ভুলবেন না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ শনিবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আজ থেকে নতুন করে মহা দুর্যোগ শুরু হতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গজুড়ে বলে খবর। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা স্পেশাল বুলেটিন অনুযায়ী, শনিবার ভারী বর্ষণের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং বাঁকুড়া জেলায়।
আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বললে, একটি ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করছে। এটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। এর পাশাপাশি সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখা বর্তমানে জয়সলমের, দক্ষিণ পূর্ব রাজস্থান ও পার্শ্ববর্তী অঞ্চলের ওপর থাকা নিম্নচাপ কেন্দ্রের মধ্য দিয়ে গুনা, সিধি, ডালটনগঞ্জ হয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের মতে, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক রবিবার ছুটির দিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, , ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। অন্যদিকে রবিবারেও উত্তরবঙ্গের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।