প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো (Durga Puja 2026)। চারিদিকে চলছে প্যান্ডেলের কাজের প্রস্তুতি, এদিকে এই অবস্থায় ফের নিম্নচাপের চোখ রাঙানি দেখা গেল। আগামীকাল (Weather Tomorrow), মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বেশি বৃষ্টি হবে উপকূল ও লাগোয়া পশ্চিমাঞ্চলে।
নিম্নচাপের চোখ রাঙানি
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের উপরে এক নিম্নচাপ ইতিমধ্যেই ঘনীভূত হয়েছে, আর তার জেরেই সমগ্র বাংলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, আগামীকাল, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকা ও পশ্চিমাঞ্চলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার সকালে এই নিম্নচাপ পৌঁছবে অন্ধ্র-ওড়িশা উপকূলে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, আগামীকাল সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গেলেও, বেলা গড়াতেই ঘন কালো মেঘ দেখা যাবে। তারপরেই শুরু হবে ভারী থেকে মাঝারি বৃষ্টি। জানা গিয়েছে, আগামীকাল, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। এরপর, বুধবার বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। আশঙ্কা করা হচ্ছে, এই নিম্নচাপ থেকে জন্ম নিতে পারে ঘূর্ণিঝড়। তবে এখনও কোনও আপডেট নেই।
আরও পড়ুন: ৩০ দিনের মধ্যেই নিষ্পত্তি, প্রাথমিক শিক্ষকদের ছুটি নিয়ে কড়া নির্দেশ সরকারের
কলকাতায় আগামীকালের আবহাওয়া
নিম্নচাপের জেরে বৃষ্টির হাত থেকে ছাড় পাবে না কলকাতা। সকাল থেকেই আংশিক কালো মেঘের আনাগোনা দেখা যাবে। তারপরেই কলকাতা সহ দক্ষিণের বাকি জেলাগুলিতেও ভাল বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। ইতিমধ্যেই উত্তাল হয়েছে সমুদ্র। যার জেরে মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে। জানা গিয়েছে, আগামীকাল, মঙ্গলবার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও সিকিমে ভারী বৃষ্টি হবে। জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের তরফে। এছাড়াও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। জারি থাকবে বজ্রবিদ্যুৎ এর দাপট। তাই, দরকার ছাড়া বাইরে না বেরোনোই মঙ্গল।