১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ফিক্সড ডিপোজিটের একাধিক নিয়ম, নির্দেশিকা জারি RBI-র

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনার কষ্টার্জিত অর্থ ব্যাংকে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করে রাখতে চান? তাহলে আপনার জন্য রইল বড় খবর। সাধারণ মানুষের মধ্যে বিনিয়োগের সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম হিসেবে পরিচিত ফিক্সড ডিপোজিট। তবে ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার এই এফডি এবং বাল্ক ডিপোজিট সংক্রান্ত বেশ কিছু নিয়মে বড়সড় পরিবর্তন আনছে। এমনকি আগামী ১ অক্টোবর থেকেই দেশজুড়ে এই নিয়ম কার্যকর হবে। জেনে নিন বিস্তারিত।

বদলে যাচ্ছে ফিক্সড ডিপোজিটের নিয়ম

রিজার্ভ ব্যাংকের নতুন সংশোধনী অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে ডিপোজিট সংক্রান্ত তিনটি নিয়মে পরিবর্তন আসছে। এমনকি এই নিয়মগুলি দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাংক, ক্ষুদ্র অর্থায়ন ব্যাংক, গ্রামীণ ব্যাংক ও সমবায় ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে আরবিআই-র তরফ থেকে জানানো হয়েছে। সরকারের মূল লক্ষ্য একটাই, গ্রাহকদের জন্য সুদের হারে স্বচ্ছতা আনা এবং কোনও শাখাতেই যাতে বৈষম্য না থাকে তা নিশ্চিত করা। সংশ্লিষ্ট পরিবর্তনগুলি হল—

১) দেশজুড়ে অভিন্ন সুদের হার: বর্তমানে পশ্চিমবঙ্গে ১ বছরের মেয়াদি এফডিতে একরকম সুদের হার, আবার একই ব্যাংকের অন্য রাজ্যের শাখায় ভিন্ন সুদের হার, এমনটা আর চলবে না। যদি দু’জন গ্রাহক একই দিনে একই ব্যাংকের দুটি ভিন্ন শাখায় একই পরিমাণ টাকা এফডি করেন, তাহলে উভয় গ্রাহক একই সুদ পাবেন।

২) সকাল দশটায় ওয়েবসাইটে সুদের হার প্রকাশ: গ্রাহকদের সিদ্ধান্ত নিতে সাহায্য করার লক্ষ্যে ব্যাংকগুলিকে এখন থেকে তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার আগে থেকেই প্রকাশ করতে হবে। এমনকি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল দশটায় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সুদের হার দেখাতে হবে বলে জানিয়েছে আরবিআই।

৩) বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে নিয়ম: ভারতীয় রিজার্ভ ব্যাংক বড় অংকের আমানত ব্যবস্থাপনার ক্ষেত্রে এবার ব্যাংকগুলির নিয়মে কিছুটা শিথিলতা এনেছে। ব্যাংকগুলি তাদের লিকুইডিটি কভারেজ রেশিও এবং বাজার ঝুঁকির উপর ভিত্তি করে বিভিন্ন অঙ্কের ফিক্সড ডিপোজিটে ভিন্ন ভিন্ন সুদের হার দিতে পারবে।

আরও পড়ুন: এক মাসও ঢোকেনি অন্নপূর্ণা যোজনা, মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মী মহিলাদের

আসলে আগে শাখা পর্যায়ে বড় অঙ্কের বিনিয়োগকারী বা বিশেষ গ্রাহকদের প্রায়শই কিছুটা বেশি হারে সুদ দেওয়া হত। তবে এখন থেকে সেই নিয়ম সম্পূর্ণ বদলে যাচ্ছে। বর্তমানে আপনি এফডি করলে কতটা লাভবান হবেন তা বাড়ি বসেই ব্যাংকের ওয়েবসাইটে দেখে নিতে পারবেন। এমনকি গ্রাম বা শহর সব জায়গায় একই নিয়ম প্রযোজ্য হবে আগামী ১ অক্টোবর থেকে।

Leave a Comment