বিক্রম ব্যানার্জী, কলকাতা: নেপালের হড়পা বানে (Nepal Flood) মৃত্যু হয়েছে বহু মানুষের। নিখোঁজ হয়ে গিয়েছেন অনেকেই। সেই তালিকায় নাম রয়েছে বহুজাতিক সংস্থা ইনফোসিসের (Infosys) সহযোগী কোম্পানি ইনফোসিস পাবলিক সার্ভিসেসের কর্তা তথা CEO ল্যাক্স গোপীশেট্টিরও (Lax Gopisetty)। জানা যাচ্ছে, নেপালে বিপর্যয়ের পর থেকে আর তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের তরফে বারবার চেষ্টা সত্বেও খোঁজ মেলেনি। এমতাবস্থায়, গোপীশেট্টির খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল। ইনফোসিস তাঁদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে।
নেপালে নিখোঁজ ইনফোসিস কর্তা
জানা গিয়েছে, কিছু ব্যক্তিগত কাজের জন্যই সম্প্রতি নেপালে গিয়েছিলেন ইনফোসিসের কর্তা গোপীশেট্টি। তবে হড়পা বানের পর থেকে আর তাঁর সাথে যোগাযোগ করা যায়নি। যার ফলে যথেষ্ট চিন্তিত ইনফোসিস পাবলিক সার্ভিসেস কর্তার প্রিয়জনেরা। তাঁদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গোপীশেট্টির নিখোঁজ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
সম্প্রতি একটি বিবৃতি জারি করে ইনফোসিস জানিয়েছে, “আমাদের সহকর্মী ল্যাক্স গোপীশেট্টি সম্প্রতি ব্যক্তিগত কিছু কাজের জন্য নেপালে গিয়েছিলেন। তবে বিপর্যয়ের পর থেকে আর তাঁর সাথে কোনও রকম যোগাযোগ করা যাচ্ছে না। আমরা নিয়মিত নেপালের বিভিন্ন উদ্ধারকারী দল ও সংস্থার সাথে যোগাযোগ রাখছি। তাঁর পরিবারের সাথেও যোগাযোগ রাখছে ইনফোসিস।”
News Alert! Infosys Public Services CEO Lax Gopisetty unreachable after devastating Nepal floods: Company statement. pic.twitter.com/sPuzsx3hrd
— Press Trust of India (@PTI_News) August 28, 2026
আরও পড়ুন: ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ, বড়সড় দুর্ঘটনার কবলে পাটনাগামী বন্দে ভারত এক্সপ্রেস
প্রসঙ্গত, ইনফোসিস ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন সরকারি সংস্থার কাজের মান এবং দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রযুক্তি এবং পরিচালনা ব্যবস্থা নিয়ে পরামর্শ দিয়ে থাকেন ল্যাক্স গোপীশেট্টি। শুধু তাই নয়, সংস্থাটির সহযোগী প্রতিষ্ঠান ইনফোসিস পাবলিক সার্ভিসেসের উন্নয়নের স্বার্থে যাবতীয় পরিকল্পনা করেন তিনিই। CEO হওয়ার আগে ইনফোসিসের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলে ছিলেন গোপীশেট্টি। তাঁর আচমকা নিখোঁজ হয়ে যাওয়া চিন্তায় ফেলেছে সংস্থাটির কর্মীদেরও।