পদের অপব্যবহার, দুর্নীতির অভিযোগ! WHO-র চাকরি হারালেন হাসিনা কন্যা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছাত্র আন্দোলনের মুখে পড়ে আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল মা শেখ হাসিনাকে (Sheikh Hasina)। এবার কার্যত একই রকম অভিযোগ নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বড় পদ থেকে সরে দাঁড়ালেন হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। জানা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। তবে হাসিনার কন্যা পুতুলের বিরুদ্ধে রয়েছে আর্থিক দুর্নীতি, পদের অপব্যবহার থেকে শুরু করে একাধিক অভিযোগ। যদিও সে সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন তিনি।

WHO ছাড়লেন হাসিনা কন্যা

একাধিক রিপোর্ট অনুযায়ী, হাসিনা কন্যার বিরুদ্ধে চিন সফরে গিয়ে আর্থিক দুর্নীতি করার অভিযোগ তুলেছিল WHO। শুধু তাই নয়, নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও একাধিক ভুল তথ্য নাকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দিয়েছিলেন পুতুল। এখানেই শেষ নয়, হাসিনা কন্যার বিরুদ্ধে বাংলাদেশে একটি জমি জবরদখল করে রাখার অভিযোগ তোলা হয়েছিল WHO এর তরফে। যদিও সে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাসিনার মেয়ে।

পুতুলের দাবি, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেওয়ার অনেক আগেই বাংলাদেশের ওই জমিটি নিয়েছিলেন। ওই জমি মূলত শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য। আইন মেনে ওই জমির স্বত্ব পেয়েছিলেন তিনি। জানা গিয়েছে, হাসিনার মেয়েকে আনুষ্ঠানিকভাবে কাজ থেকে বরখাস্ত করার পরিকল্পনা করছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই মতোই সায়মার পদে নতুন কাউকে বসানোর জন্য 12 অক্টোবর নতুন করে মনোনয়নের আহ্বান জানানোর পরিকল্পনা ছিল। ডিসেম্বর মাসে সেই মনোনয়ন যাচাই করে জানুয়ারিতেই নির্বাচন আয়োজন করা হতো।

এদিকে, নিজের কর্মস্থলে গুরুত্ব না পাওয়ায় শেষ পর্যন্ত নিজে থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন হাসিনা কন্যা। গতকাল অর্থাৎ বুধবার এই পদত্যাগ পত্র পাঠিয়ে তিনি জানিয়েছিলেন, গেব্রিয়েসাসের নেতৃত্বের প্রতি তিনি আস্থা হারিয়ে ফেলেছেন। যেহেতু তাঁরা তাঁকে কাজ থেকে ক্রমাগত বিরত রেখে এসেছে তাই আর এই কাজ বা নেতৃত্বের প্রতি বিশ্বাস নেই তাঁর। সে কারণেই নিজের ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

 

আরও পড়ুন: ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, গ্রাহকদের আগাম সতর্কবার্তা জারি করল SBI

উল্লেখ্য, 2023 সালের নভেম্বর মাসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সমর্থন পেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষস্তরে নির্বাচিত হয়েছিলেন হাসিনা কন্যা। পরের বছরই তাঁকে WHO এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তার দায়িত্ব দেওয়া হয়েছিল। কাকতালীয়ভাবে ঠিক ওই সময় বাংলাদেশের সিংহাসন হারিয়েছিলেন হাসিনা। পরবর্তীতে ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকার হাসিনা কন্যার বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দেয়। ঠিক তারপরপরই 2025 এ পুতুলকে বেতনহীন ছুটিতে পাঠিয়েছিল WHO।

Leave a Comment