“পশুর চর্বি চলবে না…” প্লাস্টিক নোটের জন্য সংস্থাগুলিকে কড়া শর্ত RBI-র

অনন্যা সরকার, কলকাতা: শীঘ্রই বাজারে আসতে চলেছে পলিমার বা প্লাস্টিকের তৈরি ১০ ও ২০ টাকার নোট (Plastic Note)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) মোট ২০০ কোটি পলিমার নোট ছাপাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে এই প্লাস্টিক নোটগুলির তৈরির কাজ চলছে। প্লাস্টিকের নোট চালু করার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে এখন ভারতীয় এবং বিদেশী সংস্থাগুলি ইন-বিল্ট সিকিউরিটি ফিচার সহ পলিমার সাবস্ট্রেট শিট সরবরাহের জন্য  দরপত্র জমা দিয়েছে।

নতুন পলিমার নোটের জন্য জমা পড়লো দেশী-বিদেশী সংস্থাগুলির টেন্ডার

একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগী সংস্থা, ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড (BRBNMPL) আগামী ১৮ আগস্টের ডেডলাইন সহ একটি বিশ্বব্যাপী আগ্রহপত্র বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI) জারি করেছে। এর জবাবে, অন্তত দুটি বিদেশী পলিমার কারেন্সি প্রস্তুতকারী সংস্থা এবং যুক্তরাজ্যের নোট প্রস্তুতকারক দে লা রু (De La Rue)-এর সাথে পার্টনারশিপে একটি ভারতীয় সাবস্ট্রেট প্রস্তুতকারী সংস্থা দরপত্র জমা দিয়েছে।

তবে টেন্ডার পাওয়ার ক্ষেত্রে আরবিআই বেশকিছু শর্ত দিয়েছে। যেমন – আগামীদিনে পলিমার নোট সরবরাহের সংবেদনশীলতা বিবেচনা করে, সংস্থাগুলিকে একটি অখণ্ডতা চুক্তি, একটি গোপনীয়তা চুক্তি, একটি এজেন্ট-মুক্ত চুক্তি সই করতে হবে এবং ভারতে তাদের কার্যক্রম চীন ও পাকিস্তানের কার্যক্রম থেকে সম্পূর্ণ আলাদা রাখার অঙ্গীকারে আবদ্ধ হতে হবে।

আরও পড়ুন: সেপ্টেম্বরের শুরুতে শুক্রের গোচরে পাঁচ রাশির কপালে দুর্ভোগ, অর্থহানী ও সম্পর্ক নষ্টের যোগ

এছাড়াও, আরবিআই-এর তরফে দরদাতাদের এও নির্দেশ দেওয়া হয়েছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেডকে সরবরাহ করা তাদের পলিমার সাবস্ট্রেটে পশুর চর্বি বা তাঁর ডিএনএ যেন না থাকে। যুক্তরাজ্যের মতো দেশগুলিতে ব্যাংকনোটে পশুর চর্বির উপস্থিতি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটিই ভারতে পলিমার নোট চালু করার ক্ষেত্রে আরবিআই-এর দ্বিধার একটি কারণ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। 

জানিয়ে রাখি, বিআরবিএনএমপিএল তাদের আগ্রহপত্রের নথিতে ভারতীয় ব্যাংকনোট ছাপানোর জন্য প্রায় ৬৮,০০০ রিম পলিমার সাবস্ট্রেট জরুরী ভাবে প্রয়োজন বলে জানিয়েছে। প্রতিটি রিমে ৫০০টি পলিমার ফিল্মের শিট থাকতে হবে এবং দরপত্রের সাথে অবশ্যই নমুনা জমা দিতে হবে। নমুনাগুলি দেশের বিভিন্ন আবহাওয়ায় পরীক্ষা করা হবে এবং যারা যোগ্য বলে বিবেচিত হবে, তাদের বিআরবিএনএমপিএল-এর চূড়ান্ত টেন্ডারের জন্য আবেদন করার অনুমতি দেওয়া হবে। ডেডলাইনের আগে জারি করা একটি সংশোধনীতে বিআরবিএনএমপিএল স্পষ্ট করেছে যে, এই যোগ্যতা অর্জনের পর্যায়ে দরদাতাদের তাদের আর্থিক অবস্থার প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই।

আরও পড়ুন: শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের তিন অস্থায়ী স্টপেজের মেয়াদ বাড়াল রেল

শোনা যাচ্ছে যে, বাইঅ্যাক্সিয়ালি ওরিয়েন্টেড পলিপ্রোপিলিন (BOPP)-এর বৃহত্তম ভারতীয় রপ্তানিকারক এবং ডি লা রু-এর অন্যতম প্রধান সরবরাহকারী কসমো ফার্স্ট-ও (Cosmo First) পলিমার সাবস্ট্রেটের জন্য ইআইও-এর প্রতিযোগিতায় রয়েছে। বিশ্বের বৃহত্তম ব্যাংকনোট সরবরাহকারী, যুক্তরাজ্যের ডি লা রু দাবি করেছে যে, তারা বেশ কয়েকটি দেশকে পলিমার নোট বিকল্প হিসেবে গ্রহণ করায় সহায়তা করেছেন। সংস্থাটির মতে, এই ধরনের নোট কাগজের নোটের তুলনায় অনেকবেশি পরিবেশবান্ধব, নিরাপদ, পরিচ্ছন্ন ও টেকসই হয়।

Leave a Comment