অনন্যা সরকার, মহারাষ্ট্র: গুরুতর অসুস্থ সমাজকর্মী আন্না হাজারে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুম্বাইয়ের বোম্বে হাসপাতালের আইসিইউতে (Anna Hazare Hospitalized) ভর্তি করা হয়েছে। তিনি আগেই মহারাষ্ট্রের রালেগান সিদ্ধির নিকটবর্তী একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু স্বাস্থ্যের অবনতি হওয়ায় আরও উন্নত চিকিৎসার জন্য তাঁকে মুম্বাইয়ে স্থানান্তর করা হয়। বর্তমানে চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন।
কী হয়েছে আন্না হাজারের?
শোনা যাচ্ছে আন্না হাজারে গুরুতর ভাইরাল সংক্রমণ এবং তীব্র ডিহাইড্রেশনে ভুগছেন। তাই তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতাল থেকে মুম্বাই নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। ডাক্তার গৌতম ভানসালির তত্ত্বাবধানে বোম্বে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৯ বছরের আন্না। চিকিৎসকরা বর্তমানে তাঁর স্বাস্থ্যের বিস্তারিত মূল্যায়ন করছেন। টেস্টের ফলাফলের ভিত্তিতে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি এখন আইসিইউ-তে (ICU) চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর স্বাস্থ্য সম্পর্কে বিশদে জানাতে আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
যন্তর মন্তরের ছাত্র আন্দোলনে সমর্থন জানান আন্না
দুর্নীতিবিরোধী আন্দোলন ও অনশন কর্মসূচির মাধ্যমে সারা দেশে পরিচিতি লাভ করা আন্না হাজারে সম্প্রতি নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে সংঘটিত বিক্ষোভের সমর্থনে এগিয়ে এসেছেন। তিনি ২০ জুলাই সংসদ অভিমুখে বিক্ষোভকারীদের মিছিল চলাকালে পুলিশি পদক্ষেপ ও লাঠিচার্জের নিন্দাও করেন। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিও লিখেছিলেন আন্না হাজারে। তিনি কেন্দ্রীয় সরকারকে প্রতিবাদী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে এবং তাদের দাবি শোনার ও উদ্বেগ প্রশমন করার জন্য আবেদন জানিয়েছিলেন।
আরও পড়ুন: বন্ধ হয়ে যাবে নির্দিষ্ট সরকারি কর্মীদের পেনশন? উদ্বেগ বাড়ল অবসরপ্রাপ্তদের
আন্না হাজারে তাঁর চিঠিতে প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব এবং নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব সহ যুব সম্প্রদায়ের সাথে জড়িয়ে থাকা বিভিন্ন সমস্যার কথাও উল্লেখ করেছেন। তিনি জানান যে, এই বিষয়গুলোকে শুধুমাত্র আইন-শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখা উচিত নয়। এই সমস্যাগুলো ব্যাপক অসন্তোষ এবং যুবকদের আশা-আকাঙ্ক্ষাকেও প্রতিফলিত করে। অহিংসবাদী আন্না জানান, তিনি তাঁর দীর্ঘ জীবনে ২২ বার অনশন করেছেন, কিন্তু কখনও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
আন্না হাজারে যন্তর মন্তরের বিক্ষোভকারীদের সমর্থনে দুই ঘণ্টার নীরব প্রতিবাদও জানান। তিনি ২৩ জুলাই সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নীরবতা পালনের মাধ্যমে বিক্ষোভকারীদের সাথে সংহতি প্রকাশ করেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, প্রায় দেড় দশক আগে ‘ইন্ডিয়া এগেইনস্ট করাপশন’ (IAC) আন্দোলনের মাধ্যমে আন্না হাজারে জাতীয় স্তরে পরিচিতি লাভ করেছিলেন। দুর্নীতির বিরুদ্ধে তাঁর প্রতিবাদ ও অনশন দেশের তৎকালীন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর প্রভাব ফেলেছিল। আন্নার আন্দোলনের কথা সেসময় মানুষের মুখে মুখে ফিরত। সারা দেশ জুড়ে ছড়িয়ে থাকা তাঁর অনুগামীরা এখন তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন।