শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের তিন অস্থায়ী স্টপেজের মেয়াদ বাড়াল রেল

অনন্যা সরকার, কলকাতা: যাত্রীদের সুবিধা ও চাহিদা কথা মাথায় রেখে শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল (Sealdah Ranaghat AC Local) ট্রেনের জন্য প্রাথমিকভাবে সিমুরালি, হালিশহর, ইচ্ছাপুর, জগদ্দল ও কাঁকিনাড়া – এই পাঁচ স্টেশনে পরীক্ষামূলক স্টপেজ চালু করেছিল পূর্ব রেল (Eastern Railway)। তবে যাত্রী চাহিদার দিকটি বিবেচনা করে আগস্ট মাসের ১ তারিখ থেকে কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশন থেকে রানাঘাট লোকালের পরীক্ষামূলক স্টপেজ তুলে নেওয়া হয়। বাকি তিনটিতে আগের মতোই দাঁড়াচ্ছে লোকালটি। এবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, ৩১৬৩৭/৩১৬৩৮ রানাঘাট এসি লোকাল ট্রেনের অস্থায়ী স্টপেজগুলির মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

মেয়াদ বাড়লো শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের অস্থায়ী স্টপেজের

নিত্য অফিসযাত্রী ও স্থানীয়দের সুবিধা ও চাহিদার কথা বিবেচনা করে গত ১৫ জুন থেকে সিমুরালি, হালিশহর, ইচ্ছাপুর, জগদ্দল ও কাঁকিনাড়া – এই পাঁচটি স্টেশনে পরীক্ষামূলকভাবে এসি লোকাল ট্রেনের অস্থায়ী স্টপেজ চালু করা হয়েছিল। তবে, কাঁকিনাড়া ও জগদ্দলে এই এসি ইএমইউ (EMU) ট্রেনের যাত্রীর সংখ্যা অত্যন্ত কম হওয়ায়, ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং নির্ধারিত সময়সূচি মেনে চলা নিশ্চিত করার লক্ষ্যে গত ১ আগস্ট থেকেই এই দুটি স্টেশনে ট্রেন থামা বন্ধ করার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল কর্তৃপক্ষ। 

আরও পড়ুনঃ মাসের শুরুতেই ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেরে ৫ জেলায়, আজকের আবহাওয়া

তবে, তুলনামূলকভাবে সিমুরালি, হালিশহর, ইছাপুর- এই তিন স্টেশন থেকে শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের জন্য যাত্রীদের সংখ্যা বেশি হওয়ায় সেসময় পূর্ব রেল জানিয়েছিল পরবর্তী পর্যালোচনা না হওয়া পর্যন্ত এই স্টেশনগুলিতে বিদ্যমান সময়সূচি মতোই পরিষেবা চালু থাকবে। ৩১ আগস্ট একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই স্টপেজগুলিতে একইভাবে থামবে শিয়ালদহ রানাঘাট এসি লোকাল।

আরও পড়ুন: RBI-র চাকরি সামলে UPSC ক্র্যাক, কোচিং ছাড়াই প্রথম অ্যাটেম্পটে IAS সৃষ্টি

জানিয়ে রাখি, শিয়ালদহ-রানাঘাট এসি ইএমইউ ট্রেনটি প্রতিদিন সন্ধে ৬:৫০-এ শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ে এবং রাত ৮:৩২-এ রানাঘাটে পৌঁছায়। যাওয়ার সময় ট্রেনটি ইছাপুরে থামে সন্ধ্যা ৭:৩২ টায়, হালিশহরে থামে সন্ধ্যা ৭:৫৪-এ এবং সিমুরালিতে আসে রাত ৮:১২-এ। আর রানাঘাট থেকে শিয়ালদহ আসার সময় ট্রেনটি সিমুরালিতে সকাল ৮:৪৫-এ, হালিশহরে সকাল ৯:০২-এ এবং ইছাপুরে সকাল ৯:২৩-এ থামে। 

Leave a Comment