পাঁচতারা হোটেল নয়, টিম ইন্ডিয়ার প্লেয়ারদের থাকতে হবে আবাসনে! জানাল BCCI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ মাসেই জাপানে শুরু হচ্ছে এশিয়ান গেমস (Asian Games)। সেই আসরে অংশগ্রহণ করবে ভারতের মহিলা এবং পুরুষ উভয় ক্রিকেট দল (Team India)। 19 সেপ্টেম্বর থেকে জাপানের আইচি-নাগোয়াতে শুরু হতে যাওয়া সেই বিশেষ টুর্নামেন্টের আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল, এশিয়ান গেমসে খেলতে গিয়ে টিম ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় দল কোনও পাঁচতারা হোটেল পাবে না। জাতীয় দলের প্লেয়ারদের থাকতে হবে আয়োজক কমিটির ঠিক করে দেওয়া আবাসনেই। এই তথ্য নিশ্চিত করেছেন BCCI এর সহ-সভাপতি রাজিব শুক্লা।

পাঁচতারা হোটেলে থাকা হচ্ছে না টিম ইন্ডিয়ার

ভারতীয় দল যে এশিয়ান গেমসে খেলতে যাচ্ছে সেটা ঠিক হয়ে গিয়েছিল আগেই। তবে সাম্প্রতিক সময়ে টিম ইন্ডিয়ার প্লেয়াররা জাপানে এশিয়ান গেমস খেলতে গিয়ে কোথায় থাকবেন তা নিয়ে বেড়েছিল জল্পনা। সেই জল্পনায় জল ঢেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব বাবু জানিয়ে দিলেন, এশিয়ান গেমস খেলতে গিয়ে ভারতীয় দল কোনও বড় বা পাঁচতারা হোটেলে থাকবে না। টিম ইন্ডিয়ার প্লেয়াররা থাকবেন আয়োজক কমিটির ঠিক করে দেওয়া আবাসনে।

বোর্ডের সহ-সভাপতি বললেন, “আইচি-নাগোয়াতে ভাল হোটেলের অভাব থাকায় ক্রিকেটারদের আবাসন নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে আবাসনে থাকা নিয়ে প্লেয়ারদের কারও কোনও সমস্যা নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডও এই ব্যবস্থায় সন্তুষ্ট।” PTI কে দেওয়া সাক্ষাৎকারে রাজীব শুক্লা এও জানিয়েছেন, “জাপানের আয়োজকরা আমাদের থাকার জন্য যা ব্যবস্থা করে দেবেন আমরা সেখানেই থাকবো। এতে কোনও সমস্যা নেই। আমরা ক্রমাগত নজর রাখছি বিষয়টির উপর। যাতে প্লেয়ারদের পরবর্তীতে সে দেশে গিয়ে সমস্যায় পড়তে না হয়।”

 

আরও পড়ুন: বেতন নরেন্দ্র মোদির ১৩৭ গুণ বেশি, আরও আয় বাড়ল বিশ্বের সবচেয়ে ধনী প্রধানমন্ত্রীর

ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি, খুব পরিষ্কার ভাবে জানান, জাপানে ভারতীয় প্লেয়ারদের জন্য থাকার যে ব্যবস্থা করা হয়েছে তা পাঁচতারা হোটেলের মতো না হলেও যথেষ্ট আরামদায়ক এবং নিরাপদ! খেলোয়াড়রা সেখানেই থাকবেন। চাইলে বিকল্প ব্যবস্থা করা যেত। কিন্তু টোকিও বা ওসাকায় থাকার ব্যবস্থা করলেও ওই জায়গা দুটি টুর্নামেন্ট বা খেলাস্থল থেকে অনেকটাই দূরে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এশিয়ান গেমসের জন্য আগামী 20 সেপ্টেম্বরেই জাপানের টোকিওর উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় পুরুষ দল।

Leave a Comment