বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বছরের মে মাসে সংঘর্ষে জড়িয়ে ছিল ভারত এবং পাকিস্তান (Pakistan)। সেই পুরনো কথা তুলেই আবারও ভারতকে নিশানা করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী (Pakistan Defence Minister) খজা আসিফ। তাঁর বক্তব্য, পাকিস্তান সেনাবাহিনীর কাছে ভারতীয় সেনা নাকি পরাস্ত হয়েছে। আর সেই পরাজয় স্বীকার করে নিয়েছে ভারতীয় বাহিনী! বলা বাহুল্য, এর আগে বহুবার পাকিস্তানের নেতা-মন্ত্রীরা ভারতের বিরুদ্ধে সামরিক জয়ের দাবি করেছিলেন। তবে সেই দাবির স্বপক্ষে কোনও রকম যুক্তি বা প্রমাণ দেখাতে পারেনি পশ্চিমের দেশ!
ফের ভারতকে আক্রমণ পাক প্রতিরক্ষামন্ত্রীর
পাঞ্জাবের শিয়ালকোটে ভারতের সাথে পাকিস্তানের সংঘর্ষ নিয়ে মুখ খোলেন পশ্চিমের দেশের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ। একেবারে গলা উঁচিয়ে পশ্চিমের দেশের কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীও ইতিমধ্যেই সেই পরাজয় স্বীকার করে নিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কথায়, “পাকিস্তান তার আকারের চেয়ে পাঁচ গুণ বড় এক শত্রুকে (ভারত) পরাজিত করেছে।”
খজা আসিফের সংযোজন, “দুই দেশ আগেও যুদ্ধ করেছে, কিন্তু প্রত্যেকবারই কিছু অস্পষ্টতা ছিল। ভারতের সাথে এটাই প্রথম যুদ্ধ যেখানে কোনও অস্পষ্টতা ছিল না। আমরা জিতেছি। ভারত নিজেও এটা স্বীকার করেছে। ভারতের সেনাবাহিনীও পরাজয় স্বীকার করে নিয়েছে। এটা পাকিস্তানের জন্য অত্যন্ত সম্মানের বিষয়!” এদিন দুই দেশের মধ্যে সংঘাতের ঘটনায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গও উল্লেখ করেন পাক প্রতিরক্ষা মন্ত্রী।
আরও পড়ুন: ‘গঙ্গার জল না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না’ ঘোষণা নাহিদ ইসলামের
আসিফ বলেন, “আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার এই সংঘাতের কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় বিমান ভূপাতিত করেছে। আর এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব যায় আসিম মুনিরের দিকেই। তাঁর নেতৃত্বেই এই সাফল্য পেয়েছে পাকিস্তান সেনা! এদিন ভারতের বিরুদ্ধে জয়ের দাবি জানিয়ে নানান আত্মবিশ্বাসী মন্তব্য করলেও নিজের বক্তব্যের স্বপক্ষে একটিও প্রমাণ দিতে পারেননি পাক প্রতিরক্ষামন্ত্রী। এমনিতেও পাকিস্তানের মিথ্যাচার বর্তমানে সর্বজনবিদিত।