বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম শ্রীলঙ্কার (India Vs Sri Lanka) মধ্যে ওয়ানডে সিরিজ রয়েছে আগামী ডিসেম্বর মাসে। সেই আসরে খেলবেন ভারতের দুই সুপারস্টার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ফলে, ভক্তদের কাছে এই সিরিজটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে সেই সিরিজের আগে উঠে আসছে বড় খবর। শোনা যাচ্ছে টিম ইন্ডিয়ার (Team India) ওয়ানডে সিরিজের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের ভেন্যু বদল হতে পারে। সূত্রের যা খবর, দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওই ম্যাচটি সরিয়ে অন্যত্র আয়োজন করা হতে পারে।
বদলে যাচ্ছে ভারতের ওয়ানডে সিরিজের ম্যাচের ভেন্যু!
আসন্ন ডিসেম্বর মাসে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে তার প্রথম ম্যাচটি গড়াবে 13 ডিসেম্বর, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। তবে এই মুহূর্তে ওই স্টেডিয়ামে কিছু সংস্কারের কাজ চলছে। দ্য হিন্দুর এক রিপোর্ট অনুযায়ী, অরুণ জেটলি স্টেডিয়ামের আউটফিল্ডের কাজ ডিসেম্বর মাসের আগে শেষ হবে না। আরেকটি সূত্র বলছে মাঠের পুরো কাজ শেষ হতে অন্তত চার মাস সময় লাগবে।
বলাই বাহুল্য, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কাজ চলার কারণে রঞ্জি ট্রফির ম্যাচগুলি পালামের এয়ার ফোর্স কমপ্লেক্স গ্রাউন্ডে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে রঞ্জি ট্রফির দ্বিতীয় আসরে দিল্লির ওই স্টেডিয়ামে খেলার কথা রয়েছে মহারাষ্ট্র দলের। যদিও ততদিনে মাঠের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলেই মনে করছেন কেউ কেউ। এদিকে শোনা গিয়েছিল ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে সরিয়ে আহমেদাবাদে নিয়ে যাওয়া হতে পারে। তবে সম্প্রতি সেই দাবি উড়িয়ে দিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া।
আরও পড়ুন: ‘গঙ্গার জল না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না’ ঘোষণা নাহিদ ইসলামের
কয়েকটি সূত্র মারফত যা খবর, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি ঠিক কোথায় আয়োজন করা হবে তা নিয়ে এখনও কিছু জানানো না হলেও মনে করা হচ্ছে খুব শীঘ্রই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ম্যাচ যে মাঠেই হোক না কেন, এদিন ভারতের হয়ে খেলতে দেখা যেতে পারে রোহিত এবং বিরাট দুজনকেই।