সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী (Chief Minister) কে? মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিশ, অসমের হিমন্ত বিশ্বশর্মা, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ নাকি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সম্প্রতি ফেম ইন্ডিয়া এশিয়ার পোস্ট সমীক্ষা ২০২৬ অনুযায়ী প্রকাশিত হয়েছে দেশের সেরা মুখ্যমন্ত্রীর নাম। সকলকে চমক দিয়ে এই তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা গোরক্ষপুর মঠের মহারাজ যোগী আদিত্যনাথ। তিনিই দেশের এক নম্বর মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
দেশের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
ফেম ইন্ডিয়া ম্যাগাজিন এবং এশিয়া পোস্ট সম্মিলিতভাবেই শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী সমীক্ষা ২০২৬-এর এই ফলাফল প্রকাশ করেছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীদের নেতৃত্ব, কার্যকৌশলী, জনপ্রিয়তা আর প্রশাসনিক ক্ষমতাসহ বিভিন্ন দিক খতিয়ে দেখেই স্কোর দেওয়া হয়েছে। পরিসংখ্যান বলছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই সমীক্ষায় ১০০০ এর মধ্যে মোট ৮৯৭ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করেছেন। তাঁর নেতৃত্ব, কার্যকৌশলী, জনপ্রিয়তা আর প্রশাসনিক ক্ষমতার মূল্যায়নের ভিত্তিতেই তিনি সেরা মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
আসলে ফেম ইন্ডিয়া ম্যাগাজিন এবং এশিয়া পোস্ট দ্বারা পরিচালিত এই সমীক্ষায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কর্মদক্ষতা বিশেষ দশটি মাপকাঠির ওপর মূল্যায়ন করে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল—সুশাসন, আইন শৃঙ্খলা, ব্যক্তিত্ব, ভাবমূর্তি, কর্মদক্ষতা, প্রভাব, বিভিন্ন বিভাগ সম্পর্কে প্রশাসনিক ধারণা, জনপ্রিয়তা, কার্যপদ্ধতি এবং দূরদর্শিতা। আর এই সমীক্ষায় প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা, নাগরিকদের পরিষেবা প্রদান এবং প্রশাসনিক মানের ভিত্তিতেই স্কোর প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনের আগেই আপ ছেড়ে বিজেপিতে ৩ বিধায়ক, পাঞ্জাবে শক্তিবৃদ্ধি পদ্মের
সমীক্ষাটিতে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীকেই ১০০০-এর মধ্যে নম্বর দিতে বলা হয়েছিল। রাজ্যের পরিচালনাসহ বিভিন্ন দিক থেকেই মুখ্যমন্ত্রীদের ক্রম নির্ধারণ করা হয়েছে। ফেম ইন্ডিয়া ম্যাগাজিনের মতে, যে কোনও রাজ্যের প্রশাসনিক এবং উন্নয়নমূলক নেতৃত্বে মুখ্যমন্ত্রীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগসূত্র। তাঁদের সিদ্ধান্ত, আইন শৃঙ্খলা, উন্নয়ন সমস্ত নাগরিকদের প্রভাবিত করে। আর সেই সমস্ত ফ্যাক্টরের ওপর ভিত্তি করেই এই পরিসংখ্যান। যদিও এই তালিকায় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও স্থান নেই।