পুজোর আগে রাজ্যের কর্মীদের জন্য সুখবর, এদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল রাজ্যজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পালিত হয়েছে অন্নপূর্ণা দিবস। এমনকি রাজ্যের মহিলাদের গতকাল থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো শুরু হয়েছে। এই মাসে পাবেন ১ কোটি ৫৬ লক্ষ মহিলা। তবে অন্নপূর্ণা দিবসের সভামঞ্চ থেকে দাঁড়িয়ে এদিন বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আশা কর্মীদের বেতন বাড়ানোর পাশাপাশি এদিন প্রাণীমিত্রা কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা করেছেন তিনি।

এইসব কর্মীদের বাড়ল ২০০০ টাকা বেতন

রাজ্যের বিজেপি সরকার কর্মচারীদের উপর একেবারে কল্পতরু! প্রথম বাজেটেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা একধাক্কায় ২০ শতাংশ বাড়িয়ে ৩৮ শতাংশ করা হয়েছে। এছাড়া আশা কর্মীর পাশাপাশি প্যারা টিচার এবং সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে গতকালের সভামঞ্চ থেকে তিনি প্রাণীমিত্রা কর্মীদের ২০০০ টাকা করে বেতন বাড়ানোর কথা বলেছেন। এমনকি তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

জানিয়ে রাখি, গত আগস্ট মাস থেকেই আইসিডিএস এবং আশা কর্মীদের বেতন ৫০০০ টাকা করে বাড়ানো হয়। তবে এবার প্রাণীমিত্রা কর্মীদের বাড়ানো হল একধাক্কায় ২০০০ টাকা বেতন। এমনকি তাঁদেরও অন্নপূর্ণা যোজনার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ, অন্নপূর্ণা যোজনা চালু হলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, যে সমস্ত মহিলারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত বা মাসে ১০,০০০ টাকার বেশি আয় করেন তারা অন্নপূর্ণার সুবিধা পাবেন না। তবে যেহেতু ২০০০ টাকা বেতন বাড়ানোর পরেও প্রাণীমিত্রা কর্মীদের বেতন ১০,০০০ টাকার নিচে থাকছে, তাই তারা অন্নপূর্ণার সুবিধা পাবেন।

আরও পড়ুন: “ভগবান রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়েছে” সর্বহারা মমতাকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর

এ প্রসঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, আইসিডিএস এবং আশা কর্মীদের বেতন আমরা আগস্ট মাস থেকে ৫০০০ টাকা করে বাড়িয়েছি। আমরা প্রাণীমিত্রাদেরও বেতন ২০০০ টাকা করে বাড়িয়েছি এবং তারাও যেহেতু ১০ হাজার টাকার কম বেতন পান, তাই তারাও অন্নপূর্ণা যোজনায় যুক্ত হচ্ছেন। ফলত, পুজোর আগেই প্রাণীমিত্রা কর্মীদের জন্য এই ঘোষণা যে আশার আলো দেখাল তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment