সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) চতুর্থ কিস্তির টাকা ইতিমধ্যেই অ্যাকাউন্টে পেয়েছেন রাজ্যের মহিলারা। বিগত দুই মাসে ১৭ তারিখ থেকেই দেওয়া শুরু হয়েছিল অন্নপূর্ণার টাকা। তবে অক্টোবরেই যেহেতু দুর্গাপুজো, তাই রাজ্যের মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন, এ মাসে কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? আদৌ কি পুজোর আগে দেওয়া হবে অর্থ সহায়তা? নাকি পুজো কেটে যাওয়ার পরে অন্নপূর্ণার টাকা ছাড়া হবে? বিস্তারিত জেনে নিন।
অক্টোবরে কবে মিলবে অন্নপূর্ণা যোজনা?
বিগত মাসগুলির ট্রেন্ড অনুযায়ী, জুলাই মাসের ৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে দেওয়া শুরু হলেও আগস্ট বা সেপ্টেম্বর মাসে ১৭ তারিখ থেকেই দেওয়া হয়েছে ৩০০০। এমনকি ১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে পালিত হয়েছে অন্নপূর্ণা দিবস। তবে অক্টোবরে দাঁড়িয়ে একটাই প্রশ্ন, এ মাসেও কি তাহলে ১৭ তারিখে দেওয়া হবে ৩০০০ টাকা? আসলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছিলেন, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই এই প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তবে অক্টোবর মাসে কবে টাকা দেওয়া হবে, সে বিষয়ে এখনও নবান্নের তরফ থেকে কিছু জানানো হয়নি।
কিন্তু প্রথম সপ্তাহে টাকা দিলে ৪ থেকে ১০ তারিখের মধ্যেই প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ৩০০০ করে ক্রেডিট হবে। আর যদি মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হয়, তাহলে আশা করা যায় ৮ থেকে ১৭ তারিখের মধ্যেই মিলতে পারে অন্নপূর্ণার টাকা। তবে বিগত দুই মাসের নিয়ম অনুযায়ী টাকা দিলে, পুজোর আগে ৩০০০ টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ, যেহেতু ১৭ তারিখ থেকে পুজো শুরু হচ্ছে, তাই পুজোর মধ্যে বা পুজোর পরেই মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার অর্থ সহায়তা।
আরও পড়ুন: “ভারত তাঁর জন্য গর্বিত” পাইলট স্মিতকে প্রশংসা মোদীর, দিলেন পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি
উল্লেখ্য, যারা এখনও অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের সুযোগ দেবে রাজ্য সরকার। আগামী ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে সেবা সেতু ক্যাম্প। এই ক্যাম্পের আওতায় অন্নপূর্ণা যোজনার পাশাপাশি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা অন্যান্য সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে নতুন করে আবেদন করা যাবে। এমনকি আবেদন বাতিল হলে সেখান থেকেই মিলবে সমাধান। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন ব্লক, পৌরসভা বা কর্পোরেশনের আওতায় এই ক্যাম্প বসবে। এমনকি নিজের এলাকায় কোথায় ক্যাম্প বসবে তা সরাসরি অনলাইনের মাধ্যমে চেক করার সুযোগ রয়েছে।