সহেলি মিত্র, কলকাতাঃ পুজোর মুখে পর্যটকদের জন্য রইল দারুণ সুখবর। এবার কলকাতা থেকে সরাসরি ডুয়ার্স যাওয়ার বাস (Kolkata Dooars Bus) পরিষেবা শুরু হয়ে গেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই বাস নিয়ে অনেকদিনের দাবি ছিল। অবশেষে সকলের সেই ইচ্ছেপূরণ করল জনপ্রিয় একটি বাস সংস্থা। সবথেকে বড় কথা, কেউ যদি দার্জিলিং কিংবা সিকিম, কালিম্পং যেতে চান, তাঁরাও এই বাসে উঠতে পারবেন। চলুন আর দেরি না করে বাসটির রুট, ভাড়া ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক।
শুরু হল কলকাতা টু ডুয়ার্স বাস পরিষেবা
জানা গিয়েছে, অবশেষে চালু হয়ে গেল আলিপুরদুয়ার থেকে চাপড়ামারি, গরুমারা, লাটাগুড়ি হয়ে সরাসরি কলকাতা আসার বায়ো টয়লেট যুক্ত নতুন স্লিপার এসি বাস পরিষেবা। একদম ঝাঁ চকচকে বাস এটি। বাসটি ভায়া শিলিগুড়ি হয়ে ডুয়ার্স যাবে, এরপর সেখান থেকে আলিপুরদুয়ার। যাত্রাপথে সুন্দর ডুয়ার্সের জঙ্গলের মধ্য দিয়ে বাসটি চলবে। আপনি বাসে বসেই চা বাগান, গরুমারা ন্যাশনাল ফরেস্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন।
বাসের সময়সূচী, রুট কী?
বাসের সময়সূচী সম্পর্কে বললে, ধর্মতলা থেকে বিকেল ৫:১৫ নাগাদ ছাড়বে। এছাড়াও এয়ারপোর্ট থেকে সন্ধ্যা ৬:৩০, বারাসাত থেকে সন্ধ্যা ৭টা নাগাদ, কৃষ্ণনগর থেকে রাত ৯টা নাগাদ, শিলিগুড়ি থেকে সকাল ৬:২০ নাগাদ, জলপাইগুড়ি গোশালা মোড় থেকে সকাল ৭:৩০ নাগাদ, ময়নাগুড়ি বাইপাস থেকে সকাল ৭:৪৫ নাগাদ ছাড়বে।
এরপর আলিপুরদুয়ার বাসস্ট্যান্ড থেকে দুপুর ৩:৪৫ নাগাদ, মাদারিহাট থেকে বিকেল ৪:৪৫ নাগাদ, চালসা বাসস্ট্যান্ড থেকে সন্ধ্যা ৬টা নাগাদ, লাটাগুড়ি বাসস্ট্যান্ড থেকে সন্ধ্যা ৬:১৫ নাগাদ, ময়নাগুড়ি বাইপাস থেকে সন্ধ্যা ৭টা নাগাদ, জলপাইগুড়ি গোশালা মোড় থেকে সন্ধ্যা ৭:৩০ নাগাদ, শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ড থেকে রাত ৮:৪৫ নাগাদ এবং কৃষ্ণনগর থেকে সকাল ৮টা নাগাদ ছাড়বে বলে খবর। রুট সম্পর্কে বললে ধর্মতলা – শিয়ালদহ – এয়ারপোর্ট – বারাসাত – কৃষ্ণনগর – মালদা – ডালখোলা – শিলিগুড়ি – ফুলবাড়ি – গোশালা মোড় জলপাইগুড়ি – ময়নাগুড়ি – লাটাগুড়ি – গরুমারা – চালসা – চাপড়ামারি – নাগরাকাটা – বানারহাট – বিন্নাগুড়ি – বীরপাড়া – জলদাপাড়া – মাদারিহাট – হাসিমারা – আলিপুরদুয়ার বাসস্ট্যান্ডে পৌঁছাবে।
ভাড়া কত?
এবার জেনে নেওয়া যাক কলকাতা-ডুয়ার্স বাসের ভাড়া সম্পর্কে। রিপোর্ট অনুযায়ী, ভাড়া ১৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। যদিও সিজন অনুযায়ী এই ভাড়া ওঠানামা করে। পুজোর সময়ে এই ভাড়া অনেকটাই হতে পারে বলে খবর। সিট বুকিং এর জন্য যোগাযোগ করতে পারেন 93824 57529 / 70016 77809 / 86174 72879 নম্বরে।