অনন্যা সরকার, দার্জিলিং: সিকিমকে ভারতের রেল মানচিত্রে যুক্ত করার উদ্যোগ আরও জোরদার হল। ভারতীয় রেল (Indian Railways) এবার পূর্ব সিকিমের রাংপো থেকে রাজধানী গ্যাংটক পর্যন্ত প্রস্তাবিত ৩৪ কিলোমিটার দীর্ঘ রেলপথকে অগ্রাধিকার দিচ্ছে। এই প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় ৯,০০০ কোটি টাকা। দার্জিলিংয়ের সেবক থেকে রাংপো পর্যন্ত নির্মীয়মাণ সেবক-রাংপো রেল প্রকল্প (Sivok-Rangpo Rail Project) সম্পূর্ণ হওয়ার পর সেটিকে আরও সম্প্রসারণের জন্য রাংপো-গ্যাংটক (Rangpo-Gangtok Rail Link) লাইনটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রেলের। প্রধানমন্ত্রী গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের (PM GatiShakti National Master Plan) অধীনে কাজ করা ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল নেটওয়ার্ক প্ল্যানিং গ্রুপ ইতিমধ্যে এই প্রস্তাবিত লিংকটি নিয়ে পর্যালোচনা শুরু করেছে।
সেবক-রাংপো রেল প্রকল্পটি বদলে দেবে সিকিমের রেল যোগাযোগ ব্যবস্থা
৪৪.৯৬ কিলোমিটার দীর্ঘ সেবক-রাংপো রেল প্রকল্পটি প্রায় ১৭,১২৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে প্রকল্পটির কাজে একাধিকবার বাধা পড়েছে ও বিলম্ব হয়েছে। তবে বর্তমানে প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়ে গেছে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে কাজ এগোচ্ছে।
রেল সূত্রে জানা গেছে, এই রেলপথে ১৪টি সুড়ঙ্গ, ১৩টি বড় সেতু এবং ১০টি ছোট সেতু নির্মাণ করা হচ্ছে। মোট পথের প্রায় ৮৬ শতাংশ অংশ যাবে সুড়ঙ্গের মধ্য দিয়ে। এছাড়া, ২.২৪ কিলোমিটার (পুরো পথের প্রায় ৫ শতাংশ) জুড়ে সেতু রয়েছে, এবং অবশিষ্ট ৪.৭৯ কিলোমিটার (৯ শতাংশ) জুড়ে স্টেশন ইয়ার্ডের জন্য ‘ওপেন কাটিং’ ও ভরাট করার কাজ করা হবে। এই রুটে পাঁচ স্টেশন পরিকল্পনা করা হয়েছে, এগুলি হল – সেবক, মেলি, রিয়াং, রাংপো ও তিস্তা বাজারে একটি ভূগর্ভস্থ হল্ট স্টেশন।
আরও পড়ুন: পাহাড় কাটা বন্ধ হবে পুরুলিয়ায়, আশ্বাস বিজেপি বিধায়কের
সেবক-রাংপো প্রজেক্ট শেষ হলে সিকিম প্রথমবার সরাসরি রেল সংযোগ পাবে। পরবর্তী পর্যায়ে রাংপো-গ্যাংটক লাইন চালু হলে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি পণ্য পরিবহণ, পর্যটন এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ব্যবস্থাতেও বড় পরিবর্তন আসতে পারে। দীর্ঘমেয়াদে এই রেল সংযোগ সিকিমের অর্থনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়নকে আরও গতিশীল করবে।