অনন্যা সরকার, কলকাতাঃ নতুন বাইক (Motorcycle) কেনার কথা ভাবছেন কিন্তু আপনার জন্য সবথেকে ভালো কোনটা হবে সিদ্ধান্ত নিতে পারছেন না? বর্তমান আর্থসামাজিক অবস্থায় পেট্রোল চালিত বাইক (Petrol Bike) নাকি ই-বাইক (Electric bike)- কোনটা সবথেকে উপযোগী হবে সেই নিয়ে যদি দোটানায় থাকেন তাহলে এই প্রবন্ধটা আপনার জন্যই। চলুন জেনে নিন এই দুই প্রকার বাইকের মধ্যে কোনটা অপেক্ষাকৃত ভালো বিকল্প।
ইলেকট্রিক বাইক না পেট্রল চালিত বাইক – কোনটা বেশি লাভদায়ক?
শহরে রোজ সাধারণত ২৫ থেকে ৪০ কিলোমিটার বেগে বাইক চলে। এরকম ব্যবহারকারীদের জন্য বেশি উপযোগী হতে পারে ইলেকট্রিক চালিত মোটরবাইক। কেননা এখনকার ই-বাইকগুলোতে ইনস্ট্যান্ট টর্ক (Instant Torque) থাকে, যা খুব দ্রুততার সাথে স্পিড ধরতে সাহায্য করে। আর শহরের রাস্তায় সিগনাল বা যানজটে বারবার বাইক থামিয়ে বাইক চালু করার ক্ষেত্রে এটা খুবই সুবিধাজনক।
ইলেকট্রিক বাইক কতটা সাশ্রয়ী?
পেট্রোল চালিত চিরাচরিত মোটরবাইকগুলির তুলনায় ইলেকট্রিক বাইক অনেক বেশি সাশ্রয়ী হয়ে থাকে। আন্তর্জাতিক বাজারে উত্তরোত্তর জ্বালানির মূল্য বৃদ্ধি পেট্রল চালিত বাইকের রানিং কস্ট অনেক বাড়িয়ে দিচ্ছে। সে ক্ষেত্রে ইলেকট্রনিক বাইক অনেক কম টাকায় বেশি মাইলেজ দিতে পারে। এছাড়া ইলেকট্রিক বাইকে ইঞ্জিন অয়েল, ক্লাচ বা পেট্রোল চালিত বাইকে থাকা বহু পার্টস থাকে না, ফলে মেন্টেনেন্স এর ক্ষেত্রেও অনেক সাশ্রয় হয়।
শক্তিতে এগিয়ে পেট্রোল বাইক
ইলেকট্রিক বাইকের তুলনায় পেট্রল চালিত বাইক অনেক বেশি শক্তিশালী হয়। এছাড়া ইলেকট্রিক বাইক তুলনামূলকভাবে নতুন, তাই চার্জিং স্টেশন খুব বেশি জায়গায় উপলব্ধ নেই। সেখানে শহরের প্রায় গলিতে গলিতে পেট্রল পাম্প। এমন ব্যক্তি যারা বহু দূর সফর করেন কিংবা ছোট শহর বা গ্রাম থেকে বড় শহরে প্রতিদিন যাতায়াত করেন তাদের জন্য পেট্রোল বাইক ইলেকট্রিক বাইকের তুলনায় বেশি কার্যকরী হতে পারে।
কোন বাইকে বেশি রিসেল ভ্যালু পাওয়া যায় ?
যেহেতু পেট্রোল চালিত বাইক বহুদিন ধরেই মানুষ ব্যবহার করে আসছেন তার ফলে এর সার্ভিসিং নেটওয়ার্ক অনেক বেশি মজবুত এবং রিসেল ভ্যালুও বেশি পাওয়া যায়। সেখানে দাঁড়িয়ে ইলেকট্রিক বাইকের কিছু সময় অন্তর ব্যাটারি পরিবর্তন করা এবং এর স্থায়িত্ব নিয়ে ক্রেতারা ধন্দে থাকেন। এছাড়া পেট্রোল বাইকের গিয়ার শিফটিং, আওয়াজ এবং সর্বোপরি বাইক চালানোর যে অনুভূতি পাওয়া যায়, তা আজও বহু বাইক-প্রেমীদের কাছে পেট্রোল বাইককে এগিয়ে রেখেছে।
আরও পড়ুনঃ নীল জলের লেক, জলপ্রপাতের শহর! বর্ষায় ঘুরে আসুন কলকাতার কাছের এই জায়গা থেকে
এবার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কোন বাইকটা কেনা বেশি লাভদায়ক হবে? এটা ব্যবহারকারী ও তার পরিস্থিতির ওপর নির্ভর করছে। আপনি যদি শহরাঞ্চলে কম খরচে অল্প দূরত্বে যাতায়াত করেন, তাহলে আপনার জন্য ইলেকট্রিক বাইক বেটার অপশন হবে। অন্যদিকে বেশি দূরত্ব, মজবুতি ও স্থায়িত্বের চাইলে পেট্রোল বাইক বেশি উপযোগী।