প্রীতি পোদ্দার, কলকাতা: রথযাত্রার (Rath Yatra) আগেই পর্যটকদের জন্য রইল বড় সুখবর! এখন রানাঘাট থেকে সোজা যাওয়া যাবে দিঘা, তাও আবার এক বাসে (Ranaghat-Digha Bus)। দীর্ঘদিন ধরে রানাঘাট বাসীদের দাবি ছিল দীঘা যাওয়ার জন্য সরাসরি এমন একটি বাস চালু হোক, যেখানে স্লিপার কোচ থাকার পাশাপাশি যাত্রীদের জন্য নানা সুবিধা করা থাকবে। এবার সেই দাবি মেনেই রথযাত্রা উপলক্ষে বিশেষ বাসের আয়োজন করল কালাসোনা ড্রিম লাইন। জানা গিয়েছে আজ থেকেই নাকি শুরু হবে সেই পরিষেবা।
রানাঘাট থেকে সরাসরি যাওয়া যাবে দিঘা
আগামীকাল রথযাত্রা, বাঙালির উৎসবের যেন শেষ নেই। বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে। আর সেই পার্বণের আমেজে অনেকেরই ইচ্ছা থাকে পুরীর মন্দিরে যাওয়ার। কিন্তু একজন জগন্নাথ দর্শন আরও সহজ হয়ে গিয়েছে, দিঘাতেই পুরীর আদলে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। আর তাই এবারের রথযাত্রা এবং জগন্নাথ দর্শন আরও ভালোভাবে উপভোগ করতে কালাসোনা ড্রিম লাইন চালু করল রানাঘাট থেকে দীঘা যাওয়ার বাস পরিষেবা। যা জাগুলি কাঁচড়াপাড়া হয়ে যাবে। জানা গিয়েছে, আজ, ১৫ জুলাই থেকেই এই বাস পরিষেবা চালু হতে চলেছে।
কবে থেকে শুরু এই পরিষেবা?
সূত্রের খবর, কালাসোনা ড্রিম লাইন সংস্থার তরফ থেকে চালু করা এই বাস যাত্রীদের পরিষেবা দিতে কোনো রকম কুণ্ঠাবোধ করবে না। থাকবে আরামদায়ক ভ্রমণ, নিরাপদ যাত্রা এবং নির্ভরযোগ্য পরিষেবা। স্লিপার সিট থাকার পাশাপাশি বায়ো টয়লেটের ব্যবস্থা থাকবে। পুরো বাসটিকে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে ডেকরেট করা হয়েছে। আজ রাত ৯:৩০ টা থেকে এই বাসটি রানাঘাট থেকে ছাড়বে এবং দিঘায় পৌঁছবে আগামীকাল সকাল ৭ টা ২০ তে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিট বুকিং। দিঘা যাওয়ার জন্য নিজেদের সিট বুকিং করতে সংস্থার তরফে একটি যোগাযোগ নম্বর দিয়ে দেওয়া হয়েছে। যোগাযোগ নম্বর হল — ৭৬০৫৮৮৫৬৫০।
আরও পড়ুন: বিকেলে দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?
প্রসঙ্গত, গত সোমবার, তারকেশ্বর থেকে সরাসরি সরকারি বাস পরিষেবা শুরু করেছে রাজ্য সরকার। বর্ধমান, বাঁকুড়া, দিঘা, খড়্গপুর এবং কলকাতা পর্যন্ত চলবে এই বাস। প্রকল্পের নাম দেওয়া হয়েছে মহাদেব এক্সপ্রেস। প্রতিদিন মোট ৫টি বাস চলবে। আসলে এতদিন তারকেশ্বর থেকে কোনও সরকারি বাস ছিল না। মূলত বেসরকারি বাস এবং ট্রেকারের উপরই ভরসা করতে হতো যাত্রীদের। এই নতুন পরিষেবা চালু হওয়ায় বেশ খুশি বাসিন্দারা।