সৌভিক মুখার্জী, কলকাতা: নিটের প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা দেশ। ইতিমধ্যেই সিজেপির দাবি মেনে শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। কিন্তু সেই আন্দোলনের আঁচ দিল্লি ছাড়িয়ে কলকাতাতেও গড়িয়েছে। গত শুক্রবার বাম ছাত্র সংগঠন এসএফআই আন্দোলনে নামে কলকাতার রাজপথে। যদিও ধর্মতলার কাছে সেই মিছিল আসতেই রণক্ষেত্রে রূপ নেয়। পুলিশ থেকে শুরু করে সাংবাদিকদের উপর করা হয় হামলা। তবে সেখানেই অভিনেত্রী তথা সিপিআইএম নেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিতর্কিত ছবি তুলে ধরেন। সেই অভিযোগেই এবার অভিনেত্রীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করলেন বিজেপি নেত্রী।
শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে অপমান করে বিতর্কিত একটি ছবি সবার সামনে তুলে ধরেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবে সেই ছবি প্রকাশ্যে আসার পর ক্ষোভ উগড়ে দিয়েছেন দেশের বিজেপি সমর্থকরা। এবার তাঁরই বিরুদ্ধে থানায় এফআইআর লেখালেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শন করার অভিযোগে বামপন্থী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ করেছেন তিনি। আর এই খবর সামনে আসতেই প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন কেয়া ঘোষ। অনেকেই কমেন্ট করছেন, এটা দীর্ঘদিন ধরেই দরকার ছিল। দেশের প্রধানমন্ত্রীকে এরকম প্রকাশ্যে অপমান মেনে নেওয়া যায় না।
বিজেপি নেত্রীর কথায়, “অবিলম্বে ওই ব্যক্তিকে গ্রেফতার করতে হবে। এভাবে দেশের প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে অপমান করার সাহস কীভাবে পায়? এইসব কাজকর্ম আর বরদাস্ত করা যাবে না। এদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত। কখনও বারুইপুর কাণ্ডে উস্কানি দিচ্ছে, কখনও দেশের প্রধানমন্ত্রীকে অপমান করছে। এদের এমন শাস্তি দেওয়া উচিত, যাতে সারা জীবন মনে থাকে। আমি আজ আনন্দপুর থানায় এফআইআর দায়ের করে গেলাম। আশা করছি, কলকাতা পুলিশ এ বিষয়ে খুব শীঘ্রই হস্তক্ষেপ করবে, এবং রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে।”
আরও পড়ুন: ‘সবুজ সাথী’র নাম বদলে নয়া সরকারের ‘সারথি’, নীলের বদলে কী হচ্ছে সাইকেলের রঙ?
প্রসঙ্গত, এই প্রথমবার নয়। দিন কয়েক আগে বারুইপুর গণধর্ষণ কাণ্ডে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেই কারণেও তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। আর দু’সপ্তাহের মধ্যেই ফের দ্বিতীয় অভিযোগ অভিনেত্রী বিরুদ্ধে। এখন দেখার, এ বিষয়ে কলকাতা পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে।