ফিরছে বর্ষা! বিশ্বকর্মা পুজোর আগে ফের ভারী বৃষ্টি, ৫ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ বৃষ্টি কমতেই ফের সেই চেনা ছন্দে ফিরল গরম। মাঝেমধ্যে হাওয়া দিলেও গরমের দাপট নতুন করে শুরু হয়েছে যেন। তবে এরকম আবহাওয়া (Weather Today) দেখে ঘাবড়ে যাবেন না। কারণ দু’দিনের মধ্যে নতুন করে বাংলায় বর্ষার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এমনকি বঙ্গোপসাগরে নিম্নচাপ, এবং তার থেকে আগামী কিছু সময়ের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও আজ বুধবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা জানেন? বৃষ্টি হবে নাকি গরম থাকবে? চলুন জেনে নেবেন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে খবর।

বর্তমান আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বললে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে দক্ষিণ পশ্চিম রাজস্থান সংলগ্ন কচ্ছ অঞ্চল ও দক্ষিণ পূর্ব পাকিস্তানের অপর অবস্থিত নিম্নচাপ এলাকার কেন্দ্র, উদয়পুর, রাইসেন, পেন্দ্রা রোড, রাঁচি ও দিঘার অপর দিয়ে বিস্তৃত হয়ে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অবধি বিস্তৃত রয়েছে। এছাড়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের অপর ১.৫ থেকে ৫.৮ কিমি উচ্চতার মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে উর্ধ্বে অবস্থিত ঘূর্ণাবর্তটি উচ্চতার সঙ্গে দক্ষিণ পশ্চিম দিকে হেলে থাকা অবস্থায় এখনও বজায় রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আরও পড়ুনঃ ফিরবে রাস্তার হাল, বাংলার সড়ক উন্নয়নে ১০৪২ কোটির অনুমোদন কেন্দ্রের, দেখুন তালিকা

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং , মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এদিন আবার দক্ষিণবঙ্গে তেমন দুর্যোগের সম্ভাবনা নেই বলেই খবর। যদিও আবহাওয়ার ওপর তীক্ষ্ণ নজর রয়েছে আবহাওয়া অফিসের।

Leave a Comment